কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : কুরআন মাজীদ হাতে নিয়ে কোন কসম করা যাবে কি? আর কোন কারণে কসম ভঙ্গ হলে তার করণীয় কী?

উত্তর : না, কুরআন মাজীদ হাতে নিয়ে কসম করা যাবে না। তবে এভাবে বলা যাবে যে, ‘আল্লাহ্র কুরআনের শপথ’। কেননা কুরআন আল্লাহ্র কালাম এবং আল্লাহ্র ছিফাত সমূহের মধ্যকার একটি ছিফাত (ছহীহ বুখারী, ৯৭/২১ অধ্যায় : ‘বল, সাক্ষ্য প্রদানে সর্বশ্রেষ্ঠ কী? বল, আল্লাহ’; ছহীহ বুখারীর ৭৪১৭ নং হাদীছের পূর্বের আলোচনা দ্রঃ)। আর আল্লাহ্র ছিফাত সমূহ দ্বারা কসম করা জায়েয। যেমন আল্লাহ্র ইযযত ও কুদরতের কসম, তাঁর কালামের কসম ইত্যাদি (বিস্তারিত দ্রষ্টব্য : বায়হাক্বী সুনানুল কুবরা, ১০/৪১ পৃঃ, সনদ ছহীহ; সিলসিলা ছহীহাহ, হা/১১৬৭)।

কসম ভঙ্গ করলে তার জন্য নির্ধারিত কাফফারা দিতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তিনি তোমাদেরকে সে সকল কসমের জন্য পাকড়াও করবেন যেসব কসম তোমরা ইচ্ছাকৃতভাবে কর; সুতরাং উহার কাফফারা হচ্ছে দশজন মিসকীনকে মধ্যম মানের খাদ্য প্রদান করা, যা তোমরা স্বীয় পরিবার-পরিজনদেরকে আহার করিয়ে থাক। অথবা তাদেরকে পরিধেয় বস্ত্র দান করা অথবা একটি ক্রীতদাস মুক্ত করা। যদি কেউ (তাতে) সামর্থ্য না হয় তবে তার জন্য (একাধারে) তিনদিনের ছিয়াম পালন করা। এটা তোমাদের কসমসমূহের কাফফারা, যখন তোমরা কসম কর (অতঃপর তা ভঙ্গ কর)’ (মায়েদাহ, ৮৯)।

নূরুন্নাহার

আত্রাই, নওগাঁ।


Magazine