কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ছাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম-এর সাথে একজন মুসলিমের আচরণ

post title will place here

১. আল্লাহর জন্য তাদের প্রতি ভালোবাসা রাখা। কেননা তারা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহচর্য লাভ করেছেন, দ্বীনকে সাহায্য করেছেন এবং দ্বীনের জন্য আত্মোৎসর্গ করেছেন।

২. তাদের জন্য সন্তুষ্টি প্রকাশ করা এবং তাদের জন্য কল্যাণের দু‘আ করা।

৩. তাদের মর্যাদার প্রতি বিশ্বাস রাখা এবং এ বিশ্বাস রাখা যে, তারা নবীদের পর শ্রেষ্ঠ মানুষ। যেমন- হাদীছে এসেছে,خَيْرُ النّاسِ قَرْنِي ‘মানুষদের মধ্যে সর্বোত্তম আমার যুগের লোকেরা’।[1]

৪. তাদের সম্পর্কে যেসব কথা বা কাজ বর্ণিত হয়, তা যাচাই-বাছাই করা।

৫. যারা ছাহাবীদের ভালোবাসে, তাদেরকে ভালোবাসা এবং যারা ছাহাবীদের শত্রু মনে করে, তাদের বিরোধিতা করা।

৬. উপদেশ ও শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ছাহাবীদের জীবনী ও সংশ্লিষ্ট ঘটনাবলি পাঠ করা। আল্লাহ বলেন,لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ ‘তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা’ (ইউসুফ, ১২/১১১)

৭. সমাজে ছাহাবীদের জীবনী প্রচার করা এবং মানুষের মাঝে তাদের মর্যাদা ও গুণাবলি তুলে ধরা।

৮. তাদেরকে নিষ্পাপ মনে না করা; বরং তারা মানুষ, তাদের পক্ষেও ভুল হওয়া সম্ভব। হাদীছে এসেছে,كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ ‘প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর সর্বোত্তম ভুলকারী হলো যারা তওবা করে’।[2] তবে তারা যেসব ভুল করেছেন, তাদের সৎকর্ম ও ভালো দিকগুলো ভুলের চেয়ে অনেক বেশি ও বড়।

৯. ছাহাবীদের মধ্যে যে মতবিরোধ ও ফেতনা ঘটেছিল, সে বিষয়ে বিতর্কে না জড়ানো।

১০. ছাহাবীদের সম্পর্কে অতিরঞ্জন না করা এবং তাদের প্রকৃত মর্যাদার চেয়ে বেশি উচ্চে তুলে না ধরা।

১১. যারা ছাহাবীদের সম্মানহানি করে বা তাদের মর্যাদা নিয়ে কথা বলে, তাদের কথার জবাব দেওয়া।

১২. ছাহাবীদের গালি না দেওয়া। হাদীছে এসেছে, لاَ تَسُبُّوا أَصْحَابِى ‘তোমরা আমার ছাহাবীদের গালি দিয়ো না’।[3]

১৩. যাদেরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমরা তা সাক্ষ্য দেই। যেমন- আবূ বকর, উমার রাযিয়াল্লাহু আনহুমা-সহ অন্যান্য ১০ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছাহাবী।

১৪. আমরা বিশ্বাস করি, সকল ছাহাবী ন্যায়পরায়ণ ও বিশ্বাসযোগ্য। আল্লাহ তাআলা বলেন,لَّقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ ‘নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যখন তারা তোমার হাতে গাছের নিচে বায়আত করেছিল’ (আল-ফাতহ, ৪৮/১৮)। আর হাদীছে এসেছে, خَيْرُ النّاسِ قَرْنِي ‘মানুষদের মধ্যে সর্বোত্তম আমার যুগের লোকেরা’।[4]

মূল: সুলতান ইবনে আব্দুল্লাহ আল-উমরী

অনুবাদ: হুসাইন আহমাদ বিন সাইদুর রহমান

অধ্যয়নরত, কুল্লিয়্যাহ ২য় বর্ষ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।


[1]. ছহীহ বুখারী, হা/২৬৫২।

[2]. ইবনু মাজাহ, হা/৪২৫১, হাদীছটি ছহীহ।

[3]. ছহীহ বুখারী, হা/৩৬৭৩।

[4]. ছহীহ বুখারী, হা/২৬৫২।

Magazine