জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন বিশ্বজুড়ে তাপপ্রবাহের প্রকোপ বাড়ছে, ঠিক তখনই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিকল্প হিসেবে নতুন ধরনের কুলিং সিস্টেম উদ্ভাবন করেছেন সঊদী আরবের কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড কনোলজির বিজ্ঞানীরা। তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ ছাড়াই ঘর ঠান্ডা রাখার এক অভিনব ও সাশ্রয়ী কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা ফ্যানের বিকল্প হিসেবে এই প্রযুক্তি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। গবেষকরা এমন একটি বিশেষ তরল বা কোটিং (প্রলেপ) তৈরি করেছেন, যা ঘরের ছাদ ও দেওয়ালে ব্যবহার করা যাবে। এই প্রযুক্তি সূর্যের আলো ও তাপকে শোষণ না করে সরাসরি মহাশূন্যে প্রতিফলিত করে দেয়। একে বিজ্ঞানের ভাষায় ‘প্যাসিভ রেডিয়েটিভ কুলিং’ বলা হয়। পরীক্ষায় দেখা গেছে, তীব্র গরমেও এই প্রলেপ ব্যবহারের ফলে ঘরের ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে প্রায় ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই প্রযুক্তি সাধারণ মানুষের এসি ব্যবহারের খরচ বাঁচাবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
