কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : ক্লাবে ফুটবল খেলে অর্থ উপার্জন করা কি হালাল হবে? টাকার বিনিময়ে যে সকল খেলা অনুষ্ঠিত হয় তাতে কোনো পারিশ্রমিক বা অর্থ না নিয়ে শুধু অংশগ্রহণ করা যাবে কি?

উত্তর : যে সকল খেলায় অর্থ-সম্পদের হার-জিতের ব্যাপার থাকে, যে খেলায় এক পক্ষ লাভবান হয় ও অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, সে সকল খেলা জুয়া হিসাবে পরিগণিত। আর সকল ধরনের জুয়া খেলা হারাম। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণায়ক তীর হলো অপবিত্র। সুতরাং তোমরা তা থেকে বিরত থাকো। তাহলে তোমরা সফলকাম হতে পারবে’ (মায়িদাহ, ৯০)। যেহেতু ক্লাবে অনুষ্ঠিত সকল খেলাতে অর্থ-সম্পদ হার-জিতের ব্যাপার থাকে, তাই ক্লাবে ফুটবল খেলে টাকা উপার্জন করা হালাল হবে না। অনুরূপভাবে অর্থ-সম্পদ হার-জিতের খেলায় নিজে অর্থ গ্রহণ না করে কারো পক্ষ হয়ে খেলাও জায়েয হবে না। কেননা তা হারাম কাজে সহযোগিতার শামিল। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কল্যাণকর ও আল্লাহভীরুতার কাজে একে-অপরকে সহযোগিতা করো। অন্যায় ও আল্লাহদ্রোহিতার কাজে একে-অপরকে সহযোগিতা করো না’ (মায়িদাহ, ২)।

-মোহাম্মাদ রাববুল এহসান

মিরপুর, কুষ্টিয়া।


Magazine