কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গ্রিসে ১০ হাজার মসজিদকে বানানো হয়েছে নাইট ক্লাব, থিয়েটার ও বিনোদনকেন্দ্র

গ্রিসে এক সময় ছিল মুসলিমদের ঐতিহ্য আর অহংকারের সব স্থাপনা। কিন্তু ওছমানী শাসনামলের পতনের পর থেকে সেখানে অনেক মসজিদ হয়েছে নাইট ক্লাব, থিয়েটার ও বিনোদনকেন্দ্র। নবায়নের নামে কিছু মসজিদ পরিণত করা হয়েছে চার্চে। গ্রিসে ওছমানী শাসনামলের ১০ হাজারের বেশি ইসলামী স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন রয়েছে। আয়া সোফিয়াকে ছালাতের জন্য খুলে দেওয়ায় গ্রিসের সমালোচনার জেরে অনেকেই দেশটিতে অবস্থিত ওছমানী স্থাপনাগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৪৬৮ সালে গ্রিসের থেসেলোনোকিতে হামজা বে মসজিদটি শুধু ছালাতের জন্য ব্যবহৃত হতো। কিন্তু স্বাধীনতা লাভের কয়েক বছর পর মসজিদের মিনার ভেঙে ফেলা হয়। মিনারের কারুকাজ এবং মূল্যবান পদার্থগুলো সরিয়ে ফেলা হয়। ধ্বংস করে দেওয়া হয় কাঠের মিম্বার। ১৯২৭ সালে গ্রিসের ন্যাশনাল ব্যাংকের মালিকানায় আসার পর মসজিদটি বিক্রি করে দেওয়া হয়। সেখানে বানানো হয় দোকান ও সিনেমা। ১৯৮০ সাল পর্যন্ত মসজিদটি হল হিসাবে ব্যবহার হয়। লোননিনা প্রদেশের নাদরা অঞ্চলের ফায়েক পাশা মসজিদও গির্জায় পরিণত করা হয়। ১৯৭০ সালে মসজিদটিকে বানানো হয় বিনোদনকেন্দ্র। বর্তমানে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একইভাবে গ্রিসের রাজধানী এথেন্সসহ সারা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর মসজিদগুলো পরিত্যক্ত। ওছমানী শাসনের পরে রাজধানী এথেন্সের সবচেয়ে পুরনো মসজিদটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতো। যার মধ্যে সেনাবাহিনীর কারাগার এবং স্টোররুম হিসাবে ব্যবহার করার মতো ঘৃণ্য দৃষ্টান্ত রয়েছে।


Magazine