উত্তর: (ক) স্বামী যদি স্ত্রীর সামনে কোনো বই বা কাগজ থেকে বাক্য পাঠ বা অনুকরণের নিয়্যতে বলে, ‘তোমাকে তালাক দিলাম’ এবং এক্ষেত্রে তালাক প্রদানের নিয়্যত না করে, তাহলে তালাক সাব্যস্ত হবে না। তবে নিয়্যতের বিষয়টি স্বামীর নিজেই স্পষ্ট করা আবশ্যক। (খ) স্ত্রী যদি বলে, মনে হয় আমাদের ডিভোর্স হয়ে গেছে এবং এর উত্তরে স্বামী বলে, হুম, আমাদের ডিভোর্স, তাহলে স্বামীকে স্পষ্ট করতে হবে যে, সে কি ডিভোর্স সাব্যস্ত করার নিয়্যতে ‘হুম’ বলেছে, না অস্বীকার করার নিয়্যতে ‘হুম’ বলেছে। কারণ আমাদের সমাজে উক্ত দুই উদ্দেশ্যে ‘হুম’ বলার প্রচলন রয়েছে এবং এক্ষেত্রে উচ্চারণের ধরনও দুই রকম হয়ে থাকে। সুতরাং যদি ডিভোর্স সাব্যস্ত করার নিয়্যতে ‘হুম’ বলে, তাহলে তা সাব্যস্ত হবে আর যদি ডিভোর্স অস্বীকার করার নিয়্যতে ‘হুম’ বলে, তাহলে তা সাব্যস্ত হবে না (ছহীহ বুখারী, হা/০১; আর-রওযুল মুরবি, ১/৫৬৩)। উল্লেখ্য, তালাক আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে খেল-তামাশা করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, وَلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا ‘আর তোমরা আল্লাহর বিধানসমূহকে খেল-তামাশার বস্তু বানিয়ো না’ (আল-বাকারা, ২/২৩১)।
প্রশ্নকারী : নাহার
কুমিল্লা।
