উত্তর : ছালাতের সময় সামনে এমন কিছু রাখা যাবে না যাতে ছালাতের একাগ্রতা নষ্ট হয়। একদা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশাযুক্ত চাদর গায়ে দিয়ে ছালাত আদায় করেছিলেন। এতে তাঁর ছালাতের একাগ্রতা নষ্ট হয়েছিল। ফলে তিনি ছালাত শেষে আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে বলেন, ‘চাদরটি আবু জাহমের কাছে নিয়ে যাও এবং তার আনবিজানিয়্যা বা কারুকার্যবিহীন চাদরটি আমার জন্য নিয়ে এসো’ (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬; মিশকাত, হা/৭৫৭)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর একটি পর্দা ছিল, যা দ্বারা তিনি ঘরের একদিক ঢেকে রেখেছিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার এ পর্দা সরিয়ে ফেল। কারণ তার ছবিসমূহ আমার ছালাতের মাঝে আমার চোখে পড়ে’ (ছহীহ বুখারী, হা/৩৭৪; মিশকাত, হা/৭৫৮)। তবে বিশেষ প্রয়োজনে প্রয়োজনীয় বস্ত্ত ছালাতে সামনে রাখা যায়। যেমন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনী উমামা বিনতে যায়নাবকে কাঁধের উপরে নিয়ে ফরয ছালাতের ইমামতি করতেন। যখন তিনি সিজদায় যেতেন, তখন তাকে সামনে নামিয়ে রেখে দিতেন। আবার যখন সিজদা থেকে উঠতেন, তখন কাঁধে উঠিয়ে নিতেন (ছহীহ বুখারী, হা/৫১৬; ছহীহ মুসলিম, হা/৫৪৩; মিশকাত, আবুদাঊদ, হা/৯১৭)।
-জাহিদ বিন আনোয়ার
সাঘাটা, গাইবান্ধা।
