কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ‘সূরা মূলক পাঠ করলে কবরের আযাব হবে না’ মর্মে কোনো বর্ণনা আছে কি?

উত্তর : ‘সূরা মূলক পাঠ করলে পাঠকারীর কবরের শাস্তি মাফ হয়’ মর্মে বর্ণিত হাদীছ সঠিক। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি প্রতি রাতে ‘তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলক’ পাঠ করে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেন (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৫৮৯, সনদ ছহীহ)। অপর বর্ণনায় রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘সূরা মুলক কবরের শাস্তি দূর করে’ (মুসতাদরাকে হাকেম, হা/৩৮৩৯)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে ৩০ আয়াতের একটি সূরা আছে, যা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল ফলে তাকে মাফ করা হয়েছে। সে সূরাটি হচ্ছে ‘তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক’ তথা সূরা মূলক (আহমাদ, হা/৭৯৬২; তিরমিযী, হা/২৮৯১; আবূ দাঊদ, হা/১৪০০; ইবনু মাজাহ, হা/৩৭৮৬; মিশকাত, হা/২১৫৩, সনদ হাসান)। তবে এ মর্মে তিরমিযীতে বর্ণিত হাদীছটি যঈফ (তিরমিযী, হা/২৮৯০ যঈফ জামে‘, হা/৬১০১)। কেননা উক্ত হাদীছের সনদে ইয়াহইয়া ইবনু আমর ইবনু মালেক আন-নাকরী একজন যঈফ রাবী (শারহুস সুন্নাহ, ৪/৪৭৩-এর তাহক্বীক্ব দ্রষ্টব্য)। অবশ্য উক্ত হাদীছের هِىَ الْمَانِعَةُ مِنْ عَذَابِ الْقَبْرِ ‘উহা কবরের শাস্তি প্রতিরোধকারী’ অংশটুকু ছহীহ (সিলসিলা ছহীহাহ, হা/১১৪০, ৩/১৩১)।

-সোহাগ

সাভার, ঢাকা।


Magazine