উত্তর : স্বামীর মৃত্যুর কারণে স্ত্রীর নাকের ফুল খুলে রাখার শারঈ কোন বিধান নেই। এটি একটি সামাজিক ও বিজাতীয় কুসংস্কার মাত্র। তবে তার মৃত্যুর পরে স্ত্রী চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যু মুখে পতিত হয় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতিক্ষায় থাকবে (বাক্বারাহ, ২৩৪)। উম্মু হাবীবা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যে মহিলা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে তার পক্ষে স্বামী ব্যতীত অন্য কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশী শোক পালন করা বৈধ নয়। অবশ্য স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে’ (ছহীহ বুখারী, হা/১২৮০, ৫৩৩৪; মিশকাত, হা/৩৩৩০)। তবে শোক পালননের সময় এমন বেশভূষা ধারণ করা যাবে না যাতে যৌবন ও সৌন্দর্য ফুটে উঠে আনন্দের খুশী রেখা প্রকাশ পায়। উম্মু সালমাহ রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর স্বামী মারা গেছে সে গোলাপী রংয়ের তদ্রূপ গেরুয়া রংয়ের কাপড় পরিধান করবে না, গহনা পরবে না, মেহেদী লাগাবে না, সুরমা লাগাবে না (আবুদাঊদ, হা/২০৩৪; নাসাঈ, হা/৩৫৩৫; মিশকাত, হা/৩৩৩৪)। সাধারণতঃ লাল ও হলুদ রংয়ের কাপড়ে সৌন্দর্য বেড়ে যায়। তবে হালকা রং বা যাফরান মিশ্রিত হলদে রং-এর খুশবু নিষেধ নেই (ছহীহ বুখারী, হা/১২৮০, ৫৩৩৪)।
-আশিকুর রহমান
পুঠিয়া, রাজশাহী।
