রামাযান মাস মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও অতুলনীয় বরকতময় সময়। এটি এমন একটি পবিত্র মাস, যে মাসকে আল্লাহ তাআলা সকল মাসের উপর বিশেষ মর্যাদা দান করেছেন। এই মাসেই মানবজাতির জন্য হেদায়াতের দিশারী কুরআন মাজীদ নাযিল হয়েছে, যা মানুষের জীবনব্যবস্থা, নৈতিকতা ও আল্লাহর সঙ্গে সম্পর্কের পথনির্দেশনা প্রদান করে। রামাযান শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধি, তাক্বওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ। -অনুবাদক
রামাযান মাসকে যেভাবে স্বাগত জানাবেন:
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় রামাযান মাসকে একটু ভিন্নভাবে স্বাগত জানাতেন। রামাযান মাসকে তিনি এবং ছাহাবায়ে কেরাম খুবই গুরুত্বের সাথে গ্রহণ করতেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযান মাসের আগমনে ছাহাবায়ে কেরামকে এভাবে সুসংবাদ জানাতেন,
أَتَاكُمْ شَهْرُ رَمَضَانَ، شَهْرٌ مُبَارَكٌ، فَرَضَ اللهُ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفَتَّحُ فِيهِ أَبْوَابُ الجَنَّةِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، وَفِيهِ لَيْلَةٌ هِيَ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ.
‘তোমাদের নিকট রামাযান মাস সমাগত হয়েছে। এটা একটি বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলা এ মাসে তোমাদের উপর ছিয়াম ফরয করেছেন। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। যে তার কল্যাণ হতে বঞ্চিত হলো, সে অনেক কিছু থেকেই বঞ্চিত হলো’।[1]
ছাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম-এর মাঝেও এ মাসের বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। রামাযান মাসকে পাওয়ার আশায় পূর্বের ছয় মাস তারা দু‘আ করতেন এবং এই মাসের আমলগুলো কবুল হওয়ার জন্য পরবর্তী ছয় মাস আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ জানাতে থাকতেন। সালাফে ছালেহীন দু‘আ ও অনুনয়-বিনয়ের মাধ্যমে এ মাসকে স্বাগত জানানোর জন্য পূর্বপ্রস্তুতি গ্রহণ করতেন। কারণ রামাযান মাস হলো বরকতের মাস, কুরআনের মাস, জান্নাতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধের মাস এবং শয়তানকে রুদ্ধ করার মাস। রামাযান মাসের ফযীলতের অন্যতম দিক হলো এটি ছিয়াম, তাহাজ্জুদ, জিহাদ ও দু‘আর মাস। এজন্য একজন মুসলিমের উপর আবশ্যকীয় কর্তব্য হলো এ বরকতপূর্ণ মাসকে স্বাগত জানানোর পূর্বপ্রস্তুতি গ্রহণ করা এবং নিজেকে ইবাদত-বন্দেগীর জন্য বিশেষভাবে আত্মনিয়োগ করা। নিম্নে এমন কিছু আমল তুলে ধরা হলো, যা দ্বারা একজন মুসলিম রামাযান মাসকে স্বাগত জানাতে পারে। তা হলো—
(ক) রামাযান মাসের আগমনে আনন্দিত এবং খুশি হওয়ার মাধ্যমে: একজন সৎ ব্যক্তি কল্যাণকর বা ইবাদতের মৌসুমে আনন্দিত হয় এবং তা সুসংবাদস্বরূপ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন,
وَإِذا ما أُنزِلَت سورَةٌ فَمِنهُم مَن يَقولُ أَيُّكُم زادَتهُ هـذِهِ إيمانًا فَأَمَّا الَّذينَ آمَنوا فَزادَتهُم إيمانًا وَهُم يَستَبشِرونَ
‘আর যখনই কোনো সূরা অবতীর্ণ করা হয়, তখন তাদের মধ্যে কেউ কেউ বলে, এই সূরা তোমাদের মধ্যে কার ঈমান (বিশ্বাস) বৃদ্ধি করল? আসলে যেসব লোক ঈমান এনেছে, এই সূরা তাদের ঈমানকে বর্ধিত করেছে এবং তারা আনন্দ লাভ করছে’ (আত-তাওবা, ৯/১২৪)।
রামাযান মাসকে ঐ সব বরকতপূর্ণ সময়ের মাঝে গণ্য করা হয়, যে সময়ে বান্দা তার রবের দিকে ফিরে আসতে পারে এবং পাপী তার পাপ হতে বিরত থাকতে পারে। এসময়ে বান্দার আগমনে মসজিদগুলো ভরপুর হয়ে যায়। ফলে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। পবিত্র আত্মা প্রফুল্ল হয় তার রবের সান্নিধ্যে।
(খ) রামাযান মাসকে আল্লাহ তাআলার হামদ ও শুকরিয়া দ্বারা গ্রহণ করার মাধ্যমে: বরকতপূর্ণ রামাযান মাস পাওয়া এবং ছিয়াম সাধনায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারা বান্দার উপর আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। তাই বান্দার উচিত হলো, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করা। ছিয়ামের ফযীলতের ব্যাপারে তালহা ইবনে উবায়দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, দুজন ব্যক্তি বালিঈ নামক গ্রাম থেকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে উপস্থিত হলেন। তারা ছিলেন খাঁটি মুসলিম। তাদের একজন ছিলেন অপরজন অপেক্ষা শক্তিধর মুজাহিদ। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলেন এবং অপরজন এক বছর পর মারা গেলেন। তালহা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা স্বপ্নে দেখলাম যে, আমি জান্নাতের দরজায় উপস্থিত এবং আমি তাদের সাথে আছি। জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে এলেন এবং তাদের মধ্যে যে ব্যক্তি পরে মারা গিয়েছিলেন, তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। তিনি পুনরায় বের হয়ে এসে শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। পরে তিনি আমার নিকট ফিরে এসে বললেন, তুমি চলে যাও। কেননা তোমার (জান্নাতে প্রবেশের) সময় এখনও হয়নি, তোমার পালা পরে। সকাল বেলা তালহা রাযিয়াল্লাহু আনহু উক্ত ঘটনা লোকদের নিকট বর্ণনা করলেন। তারা এতে বিস্ময়াভিভূত হলেন। বিষয়টি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কানে গেল এবং তারাও তাঁর কাছে ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, ‘কী কারণে তোমরা বিস্মিত হলে?’ তারা বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এই ব্যক্তি তাদের দুজনের মধ্যে অধিকতর শক্তিধর মুজাহিদ। তাকে শহীদ করা হয়েছে। অথচ অপর লোকটি তার আগেই জান্নাতে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘অপর লোকটি কি তার পরে এক বছর জীবিত থাকেনি?’ তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, ‘সে একটি রামাযান মাস পেয়েছে, ছিয়াম রেখেছে এবং এক বছর যাবৎ এই এই ছালাত কি সে পড়েনি?’ তারা বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আসমান-যমীনের মাঝে যে ব্যবধান রয়েছে, তাদের দুজনের মধ্যে রয়েছে তার চেয়ে অধিক ব্যবধান’।[2]
(গ) নিয়্যতকে ইখলাছপূর্ণ করার মাধ্যমে: রামাযান মাসকে স্বাগত জানানোর জন্য নিয়্যতকে নবায়ন করা এবং এ মাসের সময়গুলো কাজে লাগানোর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আবশ্যক। এটা হতে পারে ইবাদতকে আঁকড়ে ধরা, সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকা, অন্তরকে পরিশুদ্ধ রাখা এবং সত্যিকারার্থে তওবা করার মাধ্যমে। বিশেষ করে (নিয়্যতের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়ার কারণ) আল্লাহ তাআলা নিয়্যত অনুযায়ী বান্দাকে প্রতিদান দিয়ে থাকেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে,إنَّما الأعْمالُ بالنِّيّاتِ، وإنَّما لِكُلِّ امْرِئٍ ما نَوَى ‘সমুদয় কার্যাবলি নিয়্যতের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির জন্য তা-ই রয়েছে, যা সে নিয়্যত করে’।[3]
(ঘ) রামাযানের আগমনে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে: এটা নাফসকে প্রশিক্ষণ দেওয়া এবং ইবাদতের (যেমন- ক্বিয়ামুল লায়ল, ছিয়াম, কুরআন তেলাওয়াত ইত্যাদি) জন্য অভ্যস্ত করে তোলার অন্যতম মাধ্যম। এমনভাবে নাফসের প্রস্তুতি পরিপূর্ণ করা যে, নাফস যেন কোনো রকমের কষ্ট বা ক্লান্তি ছাড়াই রামাযানের ইবাদত সম্পন্ন করতে পারে। সাব্যস্ত আছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযানের প্রস্তুতি স্বরূপ শা‘বান মাসের অধিকাংশ দিনেই ছিয়াম পালন করতেন। উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,وَلَمْ أَرَهُ صَائِمًا مِن شَهْرٍ قَطُّ، أَكْثَرَ مِن صِيَامِهِ مِن شَعْبَانَ كانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، كانَ يَصُومُ شَعْبَانَ إلَّا قَلِيلًا ‘আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শা‘বান মাসের চেয়ে অন্যান্য মাসে বেশি (নফল) ছিয়াম পালন করতে দেখিনি। তিনি শা‘বান মাসের কিছুদিন বাদে পুরো মাসই ছিয়াম রাখতেন’।[4]
(ঙ) খাঁটি তওবার মাধ্যমে: প্রত্যেক অবস্থায় বা সময় তওবা করা আবশ্যক, বিশেষত বান্দার যেকোনো পাপকর্ম সংঘটিত হলে। তবে রামাযান মাসের ক্ষেত্রে তওবা অধিকতর গুরুত্বপূর্ণ। কারণ রামাযান মাস হলো কল্যাণ ও ইবাদতের মৌসুম। বাস্তবিকভাবে অবাধ্য আচরণ এবং পাপকর্মকে ইবাদতের তাওফীক্ব না পাওয়ার কারণ হিসেবে বিবেচনা করা হয়। ফলে ব্যক্তি রবের নৈকট্যশীল হওয়ার তৃপ্তি লাভ করতে পারে না এবং আল্লাহ তাআলার আদেশসমূহ পালন করতে ব্যর্থ হয়। হাসান আল-বাছরী রাহিমাহুল্লাহ-কে বলা হলো, আমি ক্বিয়ামুল লায়ল করতে পারছি না। তিনি বললেন, তোমার কৃত পাপ তোমাকে বাধাগ্রস্ত করছে। সালাফদের মাঝে কেউ কেউ বলতেন, আমি কোনো একটি পাপকর্ম সম্পাদন করার দরুণ এক বছর ক্বিয়ামুল লায়ল থেকে বঞ্চিত হয়েছি। ফুযাইল ইবনে ইয়ায রাহিমাহুল্লাহ বলেন, যখন তুমি ক্বিয়ামুল লায়ল করতে ব্যর্থ হবে, দিবসের ছিয়াম পালনে সক্ষম হবে না, তখন বুঝে নিয়ো যে, নিশ্চয় তুমি বাধাগ্রস্ত, তোমার পাপ তোমাকে আটকে রেখেছে। এজন্যই নবায়নকৃত তওবা ও তার শর্তসমূহ ভালোভাবে লক্ষ করার মাধ্যমে রামাযান মাসকে স্বাগত জানানো উচিত। তওবার শর্তসমূহ হলো— কৃত পাপকর্মের বিষয়ে লজ্জিত হওয়া, পুনরায় পাপকর্ম সম্পাদন না করা, অধিকারী বা উপযুক্ত ব্যক্তিকে তার হক্ব ফিরিয়ে দেওয়া, বেশি বেশি ইস্তিগফার করা এবং তওবা গ্রহণযোগ্য হওয়ার জন্য রবের তরে অনবরত দু‘আ করা।
(চ) সময়ের মূল্য জানার মাধ্যমে: অধিকাংশ গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায় তার মূল্য সম্পর্কে অজ্ঞ থাকার কারণে। এজন্য প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক হলো সৎ আমলের ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডকে গনীমত হিসেবে গ্রহণ করা। আল্লাহ তাআলা রামাযান মাসকে (أَيَّامًا مَّعْدُودَاتٍ) ‘হাতে গোনা কয়েকটা দিন’ বলে বিশেষায়িত করেছেন। উক্ত আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, রামাযানের সময়গুলো খুবই মাহাত্ম্যপূর্ণ; তবে এর দিবস সংখ্যা কম ও দ্রুত চলমান। সুতরাং এ মাসকে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়া, যেন রামাযান মাস দিবাগত হওয়ার পর সময় নষ্ট হওয়ার ব্যাপারে আফসোস না হয়।
(ছ) খাবার কম গ্রহণ করার মাধ্যমে: মাত্রাতিরিক্ত খাবার গ্রহণ ইবাদাতের ক্ষেত্রে অলসতা ও উদাসীনতার পথ উন্মুক্ত করে দেয়। অপরদিকে অল্প খাবার গ্রহণ হলো ছিয়ামের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। মাত্রাতিরিক্ত খাবার গ্রহণ নিন্দিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট কোনো একজন ব্যক্তি ঢেকুর তুললে তিনি বলেন,كُفَّ جشاءَكَ عنَّا فإنَّ أطولَكم جوعًا يومَ القيامةِ أَكثرُكم شبعًا في دارِ الدُّنيا ‘তোমার ঢেকুরকে আমাদের থেকে প্রতিহত করো। কারণ পার্থিব জীবনে যারা ভুরিভোজ করে, কিয়ামতে তারাই হবে অধিক ক্ষুধার্ত’।[5]
(জ) ছিয়ামের আহকাম জানার মাধ্যমে: আহলুল ইলমের মতে, ছিয়াম ফরয হওয়া সকলের উপর ছিয়ামের আহকাম জানা আবশ্যক। কারণ ছিয়ামের আহকাম, আদব এবং শর্ত না জানাটা এর বিপুল পরিমাণ নেকী থেকে বঞ্চিত হওয়ার কারণ। অনেক সময় ব্যক্তি ছিয়াম পালন করে, অথচ তার ছিয়াম ভঙ্গের আবশ্যকীয় শারঈ কারণ রয়েছে। আবার কখনও ব্যক্তি ছিয়াম পালন করে, অথচ সে ক্ষুধা ও পিপাসা ছাড়া কিছুই অর্জন করতে পারে না- শুধু ছিয়ামের আহকাম না জানার কারণে।
পরিবর্তনের বিশেষ সুযোগ রামাযান মাস:
আল্লাহ তাআলা সৎ বান্দাদের উপর এমন কিছু বরকতময় সময় দ্বারা অনুগ্রহ করেছেন, যেথায় রয়েছে দ্বিগুণ নেকী, ঈমান বৃদ্ধির বিস্তৃত পরিবেশ এবং আত্মার মযার্দা সমুন্নতকরণের অফুরন্ত সুযোগ। এর মাঝে অন্যতম রামাযান মাস। এ মাসকে তওবা করা, নিজেকে পাপমুক্ত করা এবং ঈমান নবায়ন করার মোক্ষম সুযোগ হিসেবে গণ্য করা হয়।[6] ফলে মুসলিম ব্যক্তির উপর আবশ্যক হলো, আত্মিক বা মানসিক প্রস্তুতি নিয়ে এ মাসকে স্বাগত জানানো। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الكِبَرَ فَلَمْ يُدْخِلاَهُ الجَنَّةَ ‘ঐ ব্যক্তির নাক ধুলোমলিন হোক, যার নিকট আমার কথা উল্লেখ করা হলো, অথচ সে আমার উপর দরূদ পাঠ করল না। ঐ ব্যক্তির নাক ধুলোমলিন হোক, যে রামাযান মাস পেল, অতঃপর তাকে ক্ষমা করার পূর্বেই তা অতিবাহিত হয়ে গেল। ঐ ব্যক্তির নাক ধুলোমলিন হোক, যে মাতাপিতাকে বৃদ্ধাবস্থায় পেল, অথচ তা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না’।[7]
সুতরাং যারা অবাধ্য আচরণ ও পাপকর্মে লিপ্ত হয়েছে, তারা যেন এই রামাযান মাসকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে এবং মৃত্যু আসার পূর্বেই তওবা ও ইস্তিগফারের পথ বেছে নেয়। নচেৎ উদাসীনতা ও আল্লাহ তাআলার আদেশকে অবজ্ঞা করার দরুণ তাদের চরম লজ্জিত হতে হবে। আল্লাহ তাআলা বলেন,حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ ‘অবশেষে যখন তাদের কারও মৃত্যু আসে, সে বলে, হে আমার রব! আমাকে আবার (দুনিয়ায়) প্রেরণ করুন’ (আল-মুমিনূন, ২৩/৯৯)।
রজব মাসে রামাযানের জন্য যেভাবে প্রস্তুতি নিবেন:
রামাযানের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সালাফগণ শুধু শা‘বান মাসের উপর সীমাবদ্ধ থাকতেন না, বরং রজব মাস থেকেই প্রস্তুতি শুরু করতেন। তাদের কেউ কেউ বলতেন, রজব হলো বৃক্ষরোপণের মাস। শা‘বান হলো তাতে পানি দেওয়ার মাস। আর রামাযান হলো ফল আহরণ করার মাস। সুতরাং যদি আপনি রামাযানে ফল খেতে চান, তবে রজব মাসে বৃক্ষরোপণ এবং শা‘বান মাসে তাতে পানি দেওয়া আবশ্যক’। আস-সারি আস-সাক্বাতী রাহিমাহুল্লাহ অনুরূপ বলেছেন। এজন্য রজব মাসে সৎ আমল সম্পাদনের দৃঢ় প্রস্তুতি নেওয়া এবং শা‘বান মাসে তা গুরুত্বের সাথে চলমান রাখা উচিত। তাহলেই ফল আহরণ এবং রামাযানের ইবাদতের স্বাদ আস্বাদন করা সম্ভব।[8]
শা‘বান মাসে রামাযানের জন্য যেভাবে প্রস্তুতি নিবেন:
শা‘বান মাসকে কল্যাণ এবং ইবাদতের মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। এই মাসকে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য অনুগ্রহ স্বরূপ দান করেছেন। কারণ শা‘বান মাস মহিমান্বিত রামাযান মাসের আগের মাস। এজন্যই রামাযান মাসকে স্বাগত জানানোর জন্য শা‘বান মাস থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। নিম্নে শা‘বান মাসে পালনীয় কিছু আমল উল্লেখ করা হলো:
(ক) শা‘বান মাসের ছিয়াম: মুমিনদের জন্য বাঞ্ছনীয় হচ্ছে, তারা শা‘বান মাসের ছিয়ামের ক্ষেত্রে রাসূল মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ করবেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সম্পূর্ণ শা‘বান মাসেই ছিয়াম রাখতেন। উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ: قَدْ صَامَ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: قَدْ أَفْطَرَ، وَلَمْ يَكُنْ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا، كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ছিয়াম রাখতেন, আমরা বলতাম, তিনি আর ছিয়াম ছাড়বেন না। আবার তিনি এমনভাবে ছিয়াম ছেড়ে দিতেন, আমরা বলতাম, তিনি আর (এ মাসে) ছিয়াম রাখবেন না। তিনি শা‘বান মাসের চেয়ে (রামাযান ব্যতীত) অন্য মাসে এত বেশি ছিয়াম রাখতেন না। যেন তিনি পুরো শা‘বান মাসেই ছিয়াম রাখতেন’।[9]
এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো, বান্দার অন্তরে শয়তান এভাবে ধোঁকা দেয় যে, শা‘বান মাসে ছিয়াম পালন করলে রামাযানের ছিয়ামের ক্ষেত্রে দুর্বলতা চলে আসবে। অথচ সঠিক বিষয়টি হলো, যে ব্যক্তি পাপের ক্ষমা ও নেকীর আশায় শা‘বান মাসেও ছিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাকে উভয় মাসেই ছিয়াম পালনের তাওফীক্ব দান করবেন। আল্লাহ তাআলা যখন বান্দার জন্য ইবাদত বা ক্ষমার পথ উন্মুক্ত করেন, তখন তার জন্য ইবাদত পালনের সহযোগী বিষয়াদিও সহজ করে দেন। মৌলিক কথা হলো, মুসলিম ব্যক্তি শেষ পরিণতির কথা চিন্তা না করে ইবাদতের প্রতি গুরুত্বারোপ করবে। কারণ শেষ পরিণতি কেবল রবের হাতেই আর নিশ্চিতরূপেই তা প্রশংসিত হবে, ইনশা-আল্লাহ!
(খ) অবসর সময়কে ইবাদতে রূপান্তরিত করা: শা‘বান মাসের ইবাদতের ক্ষেত্রে অধিকাংশ মুসলিমই উদাসীন থাকে। অথচ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সতর্কতা আরোপ করেছেন। সুতরাং যে ব্যক্তি আখেরাত কামনা করে, সে অন্য মানুষের উদাসীনতার প্রতি আগ্রহী হয় না। কারণ তাদের উভয়ের চলার পথ আলাদা। বরং সে রবের প্রদর্শিত পথে ধাবিত হয় এবং ভগ্ন হৃদয়, বিনয়, দু‘আ, আনুগত্য ও যিকিরের মাধ্যমে তাঁর নৈকট্যশীল হওয়ার চেষ্টা করে। অবসর সময়কে ইবাদতে রূপান্তরকরণের কয়েকটি উপকার—
১. আল্লাহর ভালোবাসা অর্জন: বিশেষত আল্লাহ তাআলা ঐ সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, যারা এমন সময়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, যখন অন্যরা উদাসীনতায় বিভোর থাকে।
২. বিপদাপদ দূরীভূত হয়: আল্লাহ তাআলা বলেন,مَّا يَفْعَلُ اللَّـهُ بِعَذَابِكُمْ إِن شَكَرْتُمْ وَآمَنتُمْ وَكَانَ اللَّـهُ شَاكِرًا عَلِيمًا ‘আল্লাহ তাআলা কেনই-বা তোমাদেরকে শাস্তি প্রদান করবেন- যদি তোমরা কৃতজ্ঞ হও এবং বিশ্বাস স্থাপন কর? আর আল্লাহ তাআলা তো অতিশয় গুণগ্রাহী, মহাজ্ঞানী’ (আন-নিসা, ৪/১৪৭)।
৩. দ্বিগুণ নেকী লাভ: মানুষের উদাসীনতার সময়ে ইবাদত করাটা কঠিন ও অধিকতর জটিল। ফলে এ সময়ের ইবাদতে দ্বিগুণ নেকী পাওয়া যায়।
(গ) ইবাদত ও আনুগত্যের ক্ষেত্রে প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা: কঠিন অন্তর, আনুগত্যে উদাসীনতা ও আল্লাহর আদেশের ক্ষেত্রে প্রবৃত্তিকে অগ্রগামী করার মাধ্যমে যাকে পরীক্ষায় ফেলা হয়েছে, তার উপর আবশ্যক হলো নাফসের বিরুদ্ধে ইবাদতের ক্ষেত্রে সংগ্রাম করা। এটা হলো সত্য ও সঠিকতায় অবিচল থাকার পথ। বান্দার মনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা তাঁর সেই বান্দাদের নিকটবর্তী হন, যারা তাঁর নিকটবর্তী হওয়ার চেষ্টা করে। আর যখন আল্লাহ তাআলা কারো দিকে অগ্রগামী হন, তখন তাকে সৎকর্মে তাওফীক্ব দান করেন, অনিষ্ট থেকে হেফাযত করেন, চলার পথ সঠিক করে দেন এবং সীমাহীন কল্যাণ দান করেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব থেকে বর্ণনা করে বলেন,
وما تَقَرَّبَ إلَيَّ عَبْدِي بشيءٍ أحَبَّ إلَيَّ ممَّا افْتَرَضْتُ عليه، وما يَزالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ بالنَّوافِلِ حتَّى أُحِبَّهُ، فإذا أحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الذي يَسْمَعُ به، وبَصَرَهُ الذي يُبْصِرُ به، ويَدَهُ الَّتي يَبْطِشُ بها، ورِجْلَهُ الَّتي يَمْشِي بها، وإنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، ولَئِنِ اسْتَعاذَنِي لَأُعِيذَنَّهُ، وما تَرَدَّدْتُ عن شيءٍ أنا فاعِلُهُ تَرَدُّدِيعن نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وأنا أكْرَهُ مَساءَتَهُ.
‘আমার বান্দা যে সমস্ত ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাছিল করে থাকে, তার মধ্যে আমার কাছে অধিক প্রিয় ইবাদত হলো, যা আমি তার উপর ফরয করেছি। আর বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয়পাত্র বানিয়ে নিই যে, আমিই তার কান হয়ে যাই, যা দিয়ে সে শ্রবণ করে। আমিই তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আর আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমিই তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তাকে কষ্ট দেওয়াকে অপছন্দ করি’।[10]
(ঘ) উত্তম আমল সম্পাদন করা যাতে তা আল্লাহর কাছে উত্থাপিত হয়: উত্তম বা শ্রেষ্ঠ আমল সম্পাদনের জন্য শা‘বান মাসকে সুযোগ হিসেবে গ্রহণ করা বান্দার কর্তব্য। কারণ শা‘বান মাসে আল্লাহ তাআলার কাছে আমলসমূহ উত্থাপন করা হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা‘বান মাস সম্পর্কে বলেন, ذٰلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلىٰ رَبِّ العَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ ‘এটা রজব ও রামাযান মাসের মধ্যবর্তী এমন একটি মাস, যাতে মানুষেরা উদাসীন থাকে এবং এ মাসে (শা‘বান) বিশ্বজাহানের পালনকর্তার নিকট আমলসমূহ উত্থাপন করা হয়। আমি পছন্দ করি যে, আমি ছিয়াম পালন করা অবস্থায় আমার আমল উত্থাপিত হোক’।[11]
(ঙ) বেশি বেশি কুরআন তেলাওয়াত করা: রামাযান মাসের প্রস্তুতিস্বরূপ শা‘বান মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা উচিত। কারণ রামাযান হলো কুরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ ‘রামাযান হলো এমন মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে’ (আল-বাক্বারা, ২/১৮৫)। যে ব্যক্তি শা‘বান মাসে কুরআন তেলাওয়াত চলমান রাখবে, সে সহজেই রামাযান মাসে কুরআন তেলাওয়াতের স্বাদ আস্বাদন করতে পারবে।
(চ) তাহাজ্জুদের ছালাত এবং দীর্ঘ সময় ক্বিয়াম করা: নিয়ম হলো- একজন মুসলিম তাহাজ্জুদ এবং দীর্ঘ ক্বিয়ামে নিজেকে অভ্যস্ত করবে, যেন এমন না হয় যে, রামাযান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে; অথচ সে দীর্ঘ ক্বিয়ামে অভ্যস্ত হয়নি। কারণ ইবাদতের ক্ষেত্রে ক্বিয়ামুল লায়লের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ ‘রব বান্দার অধিক নিকটবর্তী হয়ে থাকেন রাতের শেষ মধ্যভাগে। যদি সক্ষম হও, তবে তাদের অন্তর্ভুক্ত হও, যারা ঐ সময়ে আল্লাহর যিকির করে’।[12]
সালাফগণ যেভাবে রামাযানের প্রস্তুতি নিতেন:
সালাফগণ রামাযান মাসের আগমনে ব্যাপক খুশি হতেন। কারণ ছিয়াম ইসলামের স্তম্ভসমূহের অন্যতম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,بُنِيَ الإسْلَامُ علَى خَمْسٍ: شَهَادَةِ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ وأنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، وإقَامِ الصَّلَاةِ، وإيتَاءِ الزَّكَاةِ، والحَجِّ، وصَوْمِ رَمَضَانَ ‘ইসলাম পাঁচটি ভিত্তির উপর নির্মিত— (১) এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোনো মা‘বূদ নেই এবং মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। (২) ছালাত ক্বায়েম করা। (৩) যাকাত আদায় করা। (৪) (সামর্থ্য থাকলে) হজ্জ পালন করা এবং (৫) রামাযান মাসের ছিয়াম পালন করা’।[13]
সালাফগণ নিজেদেরকে নফল ছিয়ামে অভ্যস্ত করতেন। কারণ ছিয়াম হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,مَن صَامَ يَوْمًا في سَبيلِ اللهِ، بَاعَدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا ‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন ছিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের রাস্তা দূরে সরিয়ে দেন’।[14]
এছাড়াও সালাফগণ নিজেদেরকে দীর্ঘ ক্বিয়ামুল লায়লের প্রশিক্ষণ দিতেন। সাঈদ ইবনে মুসাইয়্যাব রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যখন নিয়মিত ক্বিয়ামুল লায়ল করে, তখন আল্লাহ তাআলা তার চেহারায় এমন নূর দান করেন, ফলে সকল মুসলিম তাকে ভালোবাসতে শুরু করেন। তাকে যারা কখনোই দেখেনি, তারাও তাকে চিনে ফেলেন এবং বলেন, অবশ্যই আমি এই ব্যক্তিকে ভালোবাসি।
সালাফগণের ইবাদতের মাঝে কুরআন তেলাওয়াত অন্যতম। মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহিমাহুল্লাহ-এর ব্যাপারে বর্ণিত হয়েছে যে, তিনি রামাযানের প্রত্যেক দিনে কুরআন খতম করতেন। সুফিয়ান ছাওরী রাহিমাহুল্লাহ অন্যান্য ইবাদত ব্যতিরেকে কুরআন তেলাওয়াতের প্রতি ধাবিত হতেন।
এভাবে আমরা সালাফদের জীবনী পর্যালোচনা করলে দেখতে পাই যে, তারা রামাযান মাসকে সত্যিকার অর্থেই একটি গনীমত হিসেবে গ্রহণ করতেন এবং এই মাসকেন্দ্রিক আমলগুলোকে পালন করার মাধ্যমে এই মাসকে অর্থবহ করে তুলতেন। আল্লাহ তাআলা আমাদের বরকতময় এই মাসকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে যথাযথ মূল্যায়ন করার তাওফীক্ব দান করুন- আমীন! -অনুবাদক
মূল: মুহাম্মাদ আস-সাইয়িদ
অনুবাদ: শুআইব বিন আহমাদ
শিক্ষার্থী, শরীআহ বিভাগ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব।
[1]. ছহীহুল জামে‘, হা/৫৫।
[2]. ইবনু মাজাহ, হা/৩৯২৫, হাদীছটি ছহীহ।
[3]. ছহীহ বুখারী, হা/১।
[4]. ছহীহ মুসলিম, হা/১১৫৬।
[5]. ইবনু মাজাহ, হা/২৭২১, হাদীছটি ছহীহ।
[6]. দুরূসু আশ-শায়খ আব্দুর রহমান আস-সুদাইস, ৭৭/৮।
[7]. ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৬৮০।
[8]. আসরার আল-মুহিব্বীন ফী রামাযান, পৃ. ৪৮।
[9]. নাসাঈ, হা/২১৭৮।
[10]. ছহীহ বুখারী, হা/৬৫০২।
[11]. নাসাঈ, হা/২৩৫৬, হাদীছটি ছহীহ।
[12]. ছহীহুল জামে‘, হা/১১৭৩, হাদীছটি ছহীহ।
[13]. ছহীহ বুখারী, হা/৮।
[14]. ছহীহ মুসলিম, হা/১১৫৩।
