কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): ইসলামে মেকআপ করার বিধান কী? বা এগুলোর ব্যবসা করার বিধান কী? অনেকে এত পরিমাণে মেকআপ করে যে অনেক সময় তাকে চেনা যায় না।

উত্তর: মেকআপ এর মাধ্যমে যদি সৃষ্টির পরিবর্তন ঘটে (ট্যাটু, মাইক্রোব্লেডিং, ভ্রু পাতলা করা/কৃত্রিম রূপ দেওয়া এবং মুখে এমন কিছু লাগানো যা ত্বকের স্বাভাবিকতা নষ্ট করে), সুগন্ধিযুক্ত হয়, মেকআপের উপাদান হারাম হয় এবং বেগানা পুরুষদের সামনে তা প্রকাশ পায়, তাহলে মেকআপ করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত প্রকাশিত থাকে তা ছাড়া…’ (আন-নূর, ২৪/৩১)। আবূ মূসা আশআরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কোনো নারী সুগন্ধি ব্যবহার করে, এরপর এমন লোকদের পাশ দিয়ে যায় যাতে তারা তার সুগন্ধি পায়, সে যেনাকারিণী’ (তিরমিযী, হা/২৭৮৬; নাসাঈ, হা/৫১২৬)। ফ্যাশনের নামে নগ্নতা ও বেগানা পুরুষের সামনে সাজসজ্জা গ্রহণে উৎসাহিত করা হয়, এমন ব্যবসা করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না’ (আল-মায়েদা, ৫/২)। তবে সৃষ্টির পরিবর্তন ঘটানো ছাড়া এবং মেকআপের উপাদান যদি হারাম না হয়, তাহলে তার দ্বারা স্বামীর উদ্দেশ্যে সৌন্দর্য গ্রহণের জন্য মেকআপ করা যায়। আল্লাহ তাআলা বলেন, ‘তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে তাদের স্বামীদের কাছে ছাড়া (আন-নূর, ২৪/৩১)।

-সুরাইয়া ইয়াসমিন

সাভার, ঢাকা।



Magazine