উত্তর : মিশকাতে বর্ণিত ২৪৫২ নং হাদীছটি ছহীহ। হাদীছটি হলো- আবদুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, সে যেন বলে,
اَللَّهُمَّ إِنِّى عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ نَاصِيَتِى بِيَدِكَ مَاضٍ فِىَّ حُكْمُكَ عَدْلٌ فِىَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ عَلَّمْتَهُ أَحَداً مِنْ خَلْقِكَ أَوْ أَنْزَلْتَهُ فِى كِتَابِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِى عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِىْ وَنُوْرَ صَدْرِىْ وَجَلاَءَ حُزْنِىْ وَذَهَابَ هَمِّىْ.
‘আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা, ওয়াবনু ‘আবদিকা, ওয়াবনু আমাতিকা, ওয়াফী কবযাতিকা, না-সিয়াতী বিয়াদিকা মা-যিন ফী হুকমুকা ‘আদলুন ফি কযা-উকা আসআলুকা বিকুল্লি ইসমিন, হুওয়া লাকা সামমায়তা বিহী নাফসাকা, আও ‘আল্লামতাহূ আহাদাম্ মিন্ খলকিকা, আও আনযালতাহূ ফী কিতা-বিকা, আও আলহামতা ‘ইবা-দাকা, আউইস্তা’সারতা বিহী ফী মাকনূনিল গয়বি ‘ইনদাক আন্ তাজ্‘আলাল কুরআ-না রবী‘আ কলবী ওয়াজালা-আ হাম্মী ওয়া গম্মী’’। অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার বান্দা, তোমার বান্দার পুত্র, তোমার দাসীর পুত্র। আমি তোমার হাতের মুঠে, আমার অদৃষ্ট তোমার হাতে। তোমার হুকুম আমার ওপর কার্যকর, তোমার আদেশ আমার পক্ষে ন্যায়। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার সেসব নামের অসীলায়, যাতে তুমি নিজেকে অভিহিত করেছো, অথবা তুমি তোমার সৃষ্টির কাউকেও তা শিক্ষা দিয়েছো, অথবা তুমি তোমার কিতাবে নাযিল করেছো, অথবা তুমি তোমার বান্দাদের ওপর ইলহাম করেছো (অদৃশ্য অবস্থায় থেকে অন্তরে কথা বসিয়ে দেওয়া) অথবা তুমি গায়বের পর্দায় তা তোমার কাছে অদৃশ্য রেখেছো- তুমি কুরআনকে আমার অন্তরের বসন্তকালস্বরূপ চিন্তা-ফিকির দূর করার উপায় স্বরূপ গঠন করো’। যে বান্দা যখনই তা পড়বে আল্লাহ তার চিন্তা-ভাবনা দূর করে দেবেন এবং তার পরিবর্তে মনে নিশ্চিন্ততা (প্রশান্তি) দান করবেন’ (মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী, ১০৩৫২, আল কালিমুত্ব ত্বইয়্যিব, ১২৪, সহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/১৮২২)।
তা ছাড়া দুশ্চিন্তা ও দুঃখ-দুর্দশা থেকে পরিত্রাণের জন্য অনেক দু‘আ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ও প্রসিদ্ধ দু’একটি দু‘আ হলো :
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল হাম্মে ওয়াল হাযানে ওয়াল ‘আজঝে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়া যালা‘ইদ দায়নে ওয়া গালাবাতির রিজা-লে। অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ-বেদনা হতে, অক্ষমতা ও অলসতা হতে, ভীরুতা ও কৃপণতা হতে এবং ঋণের বোঝা ও মানুষের যবরদস্তি হতে (ছহীহ বুখারী, হা/৬৩৬৯; ছহীহ মুসলিম, হা/২৭০৬; তাহক্বীক মিশকাত, হা/২৪৫৮)।
-সাদমান রহমান দোহা
ফুলবাড়ী, দিনাজপুর।
