কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : দু‘আ করার সময় বলা হয় যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবর মুবারকে ছওয়াব পৌঁছে দাও। এভাবে বলা বা দু‘আ করা কি ঠিক হবে?

উত্তর : প্রশ্নোল্লেখিত পদ্ধতিতে দু‘আ করার বিষয়টি ভারত উপমহাদেশের বিদ‘আতীদের নবআবিস্কৃত পদ্ধতি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনকি মৃত্যুর পরে তাঁর কবরে ছওয়াব পৌঁছানোর ব্যাপারেও তিনি কোনো নির্দেশনা দেননি। ছাহাবীগণও এভাবে কখনো দু‘আ করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এমন পদ্ধতিতে দু‘আ করা হতে বিরত থাকতে হবে। অন্যথা তা বিদ‘আত হবে; যা পরিত্যাজ্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ أَحْدَثَ فِىْ أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‘যে ব্যক্তি আমার এ দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে, যা এর অন্তর্ভুক্ত নয়, তা পরিত্যাজ্য’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)। উল্লেখ্য যে, দু‘আ হলো এক প্রকার ইবাদত (মুসনাদে আহমাদ, হা/১৮৩৭৮; আবুদাঊদ, হা/১৪৭৯; ইবনু মাজাহ, হা/৩৮২৮; মিশকাত, হা/২২৩০)। অতএব দু‘আ ইবাদত হিসাবে তার পদ্ধতি সুন্নাত মুতাবেক হতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে দু‘আ করেছেন, আমাদেরকে সে পদ্ধতিতেই দু‘আ করতে হবে। তার রেখে যাওয়া পদ্ধতি ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে দু‘আ করলে তা কবুল হওয়ার বদলে গোনাহ হবে।

-আওলাদ

হাতিবান্ধা, লালমণিরহাট।


Magazine