আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। লাগামহীন মিডিয়া আর সাংস্কৃতিক আধিপত্যের এই যুগে ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরকে ভ্রান্ত আক্বীদা ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং সঠিক ইসলামী শিক্ষা ও মূল্যবোধ সৃষ্টি করতে একঝাঁক তরুণ-প্রবীণের কাফেলার নাম আদ-দাওয়াহ ইলাল্লহ। সারা দেশ থেকে ছয় শতাধিক মক্তবের অংশগ্রহণে মাসব্যাপী এনটিভি চ্যানেলে চলছে ‘মক্তব অলিম্পিয়াড–২০২৬’। পবিত্র রামাযান মাসে মক্তব অলিম্পিয়াড–২০২৬-এর বিভিন্ন পর্ব দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল রাযিয়াল্লাহু আনহুমহাফিযাহুল্লাহV ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আয়োজক নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর অধীন পরিচালিত ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’ অলাভজনক দ্বীনি শিক্ষার অনন্য প্লাটফর্ম। কুরআন ও ছহীহ সুন্নাহভিত্তিক প্রাথমিক দ্বীনি শিক্ষাকে আরও সুসংগঠিত ও উৎসাহব্যঞ্জক করে তুলতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। মক্তব অলিম্পিয়াড প্রোগ্রাম দেশের বিভিন্ন অঞ্চলের সব ঘরনার জনতার মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া জাগিয়ে চলেছে। প্রাথমিকভাবে সারা দেশে প্রায় ২১টি কেন্দ্রে বাছাই (অডিশন) পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রায় ১৫০০ মক্তব শিক্ষার্থী। প্রথম ধাপে অঞ্চলভিত্তিক বাছাইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। পরবর্তী ধাপে নির্বাচিতদের জন্য বিশেষ গ্রুমিং ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালিত হয়। সবশেষে চূড়ান্ত পর্বে সেরা প্রতিযোগীদের অংশগ্রহণে মূল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, মৌলিক দ্বীনি জ্ঞান, মক্তবের পাঠ্যসূচি এবং নৈতিক ও আচরণগত দক্ষতা মূল্যায়ন ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত হয়। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে দ্বীনি চেতনা, বিশুদ্ধ আক্বীদা ও আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিদগ্ধগণ। অদূর ভবিষ্যতে এই শিক্ষা কার্যক্রম ও উদ্যোগ সুষ্ঠুধারার শিক্ষা ও সংস্কৃতি সৃষ্টিতে সহায়ক ও মাইল ফলক হিসাবে জাতিকে পথ দেখাবে ইনশা-আল্লাহ। প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা, আকর্ষণীয় পুরস্কার ও দ্বীনি শিক্ষা সহায়ক উপহারসামগ্রী প্রদানের ব্যবস্থাও রাখা হয়। এসব পুরস্কার শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষায় আরও উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন আয়োজক কমিটি। আদ-দাওয়াহ ইলাল্লহ সংশ্লিষ্টগণের মতে, মক্তব অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন ও সুন্নাহর ডোরে বাঁধার একটি অনন্য কার্যকর পদক্ষেপ। এর মাধ্যমে মক্তব শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সমাজে নতুন করে তুলে ধরা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, আদ-দাওয়াহ ইলাল্লহ দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন মক্তব অলিম্পিয়াড–২০২৬। আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলের মেহনতকে জান্নাতের পাথেয় হিসাবে কবুল করুন– আমীন!
