উত্তর: কৃত্রিম নকল চুল মাথায় পরা হারাম, তা ইয়াহূদীদের কাজ এবং প্রতারণার মাধ্যম। মুআবিয়া রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মিম্বরে দাঁড়িয়ে মানুষদের উদ্দেশ্যে খুৎবা দিলেন। তখন তিনি তাঁর এক পাহারাদারের হাতে থাকা চুলের একটি গুচ্ছ তুলে নিলেন এবং বললেন, ‘হে মদীনাবাসী! তোমাদের আলেমরা কোথায়?’ আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ধরনের কাজ থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেন, ‘বনূ ইসরাঈল তখনই ধ্বংস হয়েছিল, যখন তাদের নারীরা এ কাজটি গ্রহণ করেছিল (কৃত্রিম চুল/চুল সংযোজনের প্রথা গ্রহণ করেছিল)’ (ছহীহ বুখারী, হা/৫৯৩২; ছহীহ মুসলিম, হা/২১২৭)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আনছারদের এক তরুণী বিয়ে করেছিল। পরে সে অসুস্থ হয়ে পড়ে, ফলে তার চুল ঝরে যায়। তখন তারা তার চুল সংযোজন করতে চাইল। তারা এ বিষয়ে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘আল্লাহ অভিশাপ দিয়েছেন চুল সংযোজনকারী নারীকে এবং যে নারী চুল সংযোজন করায়’ (ছহীহ বুখারী, হা/৫৯৩৪; ছহীহ মুসলিম, হা/২১২৩)। সুতরাং এগুলো তৈরি করে এমন কোম্পানিতে চাকরি করা যাবে না। কেননা তা অভিশাপ পাওয়ার মাধ্যম।
প্রশ্নকারী : আক্তারুল
