উত্তর : না, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবী-রাসূলগণের পেশাব পবিত্র ছিল না। বরং তা ছিল অপবিত্র। কেননা সকল মানুষের পেশাব অপবিত্র। আর তিনি ছিলেন আমাদের মতই একজন মানুষ (কাহ্ফ, ১০০)। তাছাড়া যদি তাঁর পেশাব পবিত্রই হত, তবে কি তার পবিত্রতা অর্জনের প্রয়োজন হত? না। অথচ পেশাব-পায়খানা সেরে তিনি পবিত্রতা অর্জন করেছেন। আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব বা পায়খানার জন্য বের হতেন, তখন আমি ও একটি বালক পানির পাত্র নিয়ে বের হতাম। তা দ্বারা তিনি পবিত্রতা অর্জন করতেন (ছহীহ বুখারী, হা/১৫০; ছহীহ মুসলিম, হা/২৭১; মিশকাত, হা/৩৪২)। এমনকি পানি না থাকলে তিনি মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতেন। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব-পায়খানায় বের হলে আমি তার পিছে পিছে যেতাম। (তাঁর অভ্যাস ছিল যে,) তিনি কোন দিকে তাকাতেন না। আমি তাঁর নিকটবর্তী হলে তিনি আমাকে বললেন, ‘কয়েকটি কংকর চাই, যা দ্বারা আমি পবিত্রতা অর্জন করব’ (ছহীহ বুখারী, হা/১৫৫)।
-মীযান
নগরকান্দা, ফরিদপুর।
