উত্তর : না, চাপে পড়ে হলেও ‘জয় শ্রী রাম’ বলা যাবে না। কেননা তা শিরকের অন্তর্ভুক্ত মহাপাপ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তুমি আল্লাহ্র সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় এবং জ্বালিয়ে দেওয়া হয়’ (আহমাদ, হা/২২১২৮, সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, হা/২০২৬; ইবনু মাজাহ, হা/৪০৩৪; মিশকাত, হা/৬১, ৫৮০)। অন্য বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দুই ব্যক্তি এমন এক সম্প্রদায়ের কাছ দিয়ে অতিক্রম করছিল, যাদের ছিল একটি মূর্তি। সেই মূর্তির উদ্দেশ্যে কিছু বলি না দিয়ে কেউ সেখান দিয়ে অতিক্রম করতে পারত না। তারা তাদের একজনকে বলল, মূর্তির নামে কিছু বলি দাও। তখন সে বলল, বলি দেওয়ার মত আমার কাছে কিছু নেই। তারা বলল, একটি মাছি হলেও বলি দিতে হবে। তখন সে একটি মাছি বলি দিলে তারা তার পথ ছেড়ে দিল। ফলে সে জাহান্নামে প্রবেশ করল। এরপর তারা অপর ব্যক্তিকে বলল, তুমি কিছু বলি দাও। সে বলল, আমি আল্লাহ ছাড়া কারো নামে কোন কিছু বলি দিব না। এতে তারা তাকে হত্যা করল। ফলে সে জান্নাতে প্রবেশ করল’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/৭৩৪৩; মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, হা/৩৩৭০৯)।
মাযহারুল ইসলাম
শিবগঞ্জ, বগুড়া।
