কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): আমাদের এলাকায় প্রায় সব মসজিদে ফরয ছালাতের সময় অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়। আমি যদি কারো পায়ের সাথে পা লাগাতে চাই, তাহলে তারা পা সরিয়ে নেয়। তারা রেগে যায়। তারা মনে করে পায়ের সাথে পা লাগালে তাদের অসম্মান করা হয়। ইমাম ছাহেবরাও এ ব্যাপারে জোরালো কোনো কথা বলে না। এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: জামাআতে ছালাত আদায় করার সময় কাতার সোজা করে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়েই দাঁড়াতে হবে। এটাই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, ছালাতের ইক্বামত দেওয়া হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে বলতেন, ‘কাতার সোজা করো এবং পরস্পরে মিলিত হয়ে দাঁড়াও। নিশ্চয় আমি তোমাদেরকে আমার পিছন দিক দিয়েও দেখি’ (ছহীহ বুখারী, হা/৭১৮, ৭১৯; ছহীহ মুসলিম, হা/৪৩৪)। অপর বর্ণনায় আছে, (রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথা শুনে) আমাদের লোকেরা একজন অপরজনের কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন (ছহীহ বুখারী, হা/৭২৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন। যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করেন এবং তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দেন (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৩৮২৪; আল-মু‘জামুল আওসাত্ব, হা/৫৭৯৭)। নু‘মান ইবনু বশীর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে, তা না হলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দেবেন’ (ছহীহ বুখারী, হা/৭১৭; ছহীহ মুসলিম, হা/৪৩৬)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কাতার সোজা করো, কাঁধের সাথে কাঁধ মিলাও, কাতারের মধ্যকার ফাঁকা জায়গা পূর্ণ করো, ডানা নরম করো (আবূ ঈসা বিআইদি ইখওয়ানিকুম অংশটুকু বলেননি) তোমরা শয়তাদের জন্য ফাঁকা জায়গা রেখে দিয়ো না। ব্যক্তি কাতার মিলাবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। আর যে ব্যক্তি কাতার মিলাবে না অথবা কাতার বিচ্ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন’ (নাসাঈ, হা/৮২৭)। সুতরাং উক্ত সুন্নাত পালনে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা উচিত। যদি কেউ পায়ের সাথে পা মেলাতে সম্মত না হয়, তাহলে তাকে উল্লিখিত হাদীছসমূহ দ্বারা নছীহত করতে হবে। ইমাম ছাহেবকে অনুরোধ করতে হবে, যেন তিনি মুছল্লীদের এই ব্যাপারে নছীহত করেন। এরপরও যদি দাওয়াতে কাজ না হয়, তাহলে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না।

প্রশ্নকারী : সাহেল ইমতিয়াজ

চন্ডিপুর, শ্রীপুর, বিরামপুর, দিনাজপুর।

Magazine