কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): আমার বড় ভাই করোনার সময়ে মারা যান। তার একটি ব্যবসা ছিল, যা বর্তমানে আমি ও আমার দুই ভাই মিলে পরিচালনা করছি। পরিবারে আমার মা-বাবা, দুই ভাইয়ের স্ত্রী এবং আমার বড় ভাইয়ের স্ত্রীসহ দুই মেয়ে একসঙ্গে একই বাসায় থাকি। ব্যবসার আয় থেকেই পরিবারের সব খরচ চালানো হয়। শরীআতের দৃষ্টিতে এভাবে মৃত বড় ভাইয়ের ব্যবসার আয় দিয়ে পুরো পরিবারের খরচ চালানো এবং একসঙ্গে বসবাস করা কতটুকু বৈধ?

উত্তর: (ক) একজন ব্যক্তি ইন্তিকাল করার পর তার যাবতীয় সম্পত্তিতে ওয়ারিছদের অধিকার সাব্যস্ত হয়। সুতরাং আপনার বড় ভাইয়ের ইন্তিকালের পর তার ব্যবসায়িক সম্পত্তিতে ওয়ারিছদের অধিকার সাব্যস্ত হয়ে গেছে। অতএব, কালক্ষেপণ না করে দ্রুত এই সম্পত্তি তার ওয়ারিছদের মাঝে বণ্টন করা আবশ্যক। ব্যবসায়িক সম্পত্তি বণ্টিত হওয়ার পর ওয়ারিছরা যদি পরস্পর সম্মতিতে আপনাদের তিন ভাইকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেয় এবং এর আয় থেকে পরিবারের যাবতীয় খরচ বহন করার অনুমতি দেয়, তাহলে তা জায়েয। (খ) প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনারা যেভাবে এক বাড়িতে অবস্থান করছেন সেভাবে অবস্থান করা শর্তসাপেক্ষে জায়েয। শর্তগুলো হলো- ১. শারঈ পর্দা লঙ্ঘন না হওয়া। ২. পরিবারের প্রত্যেক সদস্যের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা। যদি পর্দা লঙ্ঘন হয় অথবা দায়িত্ব নির্ধারিত না হওয়ার কারণে ঝগড়াবিবাদ সংঘটিত হয়, তাহলে এভাবে একত্রে বসবাস করা জায়েয হবে না (আন-নূর, ২৪/৩০-৩১; আল-আহযাব, ৩৩/৫৩; ছহীহ বুখারী, হা/২৪৫৭; আবূ দাঊদ, হা/৪৮০০)। তবে বড় ভাইয়ের ছেলেমেয়ে দেখার সাথে যেভাবে দায়িত্ব পালন করছেন, তা করা যায়।

প্রশ্নকারী :  মোহাম্মদ, ফেনী।



Magazine