কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : ফরয ছালাতে সিজদায় কি বাংলায় দু‘আ করা যাবে?

উত্তর : ফরয-নফল যেকোনো ছালাতে মাসনূন আরবী দু‘আ ব্যতীত অন্য ভাষায় ক্বিরাআত, দু‘আ ও তাসবীহ পাঠ করা যাবে না। মু‘আবিয়া বিন হাসান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নিশ্চয়ই এই ছালাতের মধ্যে মানুষের কোনো কথা জায়েয নয়....’ (ছহীহ মুসলিম, হা/৫৩৭; বুলূগুল মারাম, হা/২১৭)। কিছুই না পারলে সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ বলবে। আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বলল, আমি কুরআনের কিছু শিখতে অক্ষম। অতএব আমাকে কিছু শিখিয়ে দেন, যা আমার জন্য যথেষ্ট হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

‘আল্লাহর প্রবিত্রতা বর্ণনা করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ব্যতীত কোনো মা‘বূদ নেই, আল্লাহ অতি মহান এবং আল্লাহর উপায় ও শক্তি ব্যতীত কারও কোনো উপায় বা শক্তি নাই’। এটা শুনে সে বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! এটা তো আল্লাহর জন্য হলো, আমার জন্য কী হলো? রাসূল (ছাঃ) বললেন,

اللَّهُمَّ ارْحَمِنِي ، وَعَافِنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي

‘হে আল্লাহ! আমার প্রতি দয়া করো, আমাকে স্বস্তি দান করো, আমাকে রিযিক্ব দাও’। তখন সে স্বীয় উভয় হাত দ্বারা ইশারা করল এবং ওটাকে বন্ধ করল। এটা দেখে রাসূল (ছাঃ) বললেন, ‘এই ব্যক্তি কল্যাণ দ্বারা উভয় হাত পূর্ণ করল’ (মিশকাত, হা/৮৫৪)।

-মুহাম্মাদ নাজমুস সাকিব

পত্নীতলা, নওগাঁ।


Magazine