কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): বর্তমানে দেখা যায়, অনেকে জিন হাজির করে বিভিন্ন সমস্যার সমাধান করে, বিভিন্ন চিকিৎসা প্রদান করে এগুলো কি ইসলামসম্মত?

উত্তর: জিনের সাহায্য নেওয়া শরীআতসম্মত নয়। কারণ অদৃশ্য জগতের জিনদের সাহায্য নেওয়ার ক্ষেত্রে প্রায়ই শিরকী ও কুফরী পন্থার আশ্রয় নেওয়া হয়, যেমন- জিনের উদ্দেশ্যে পূজা বা মানত করা, তাদের সন্তুষ্টির জন্য পশু উৎসর্গ করা, কুফরী বা অজ্ঞাত শব্দ উচ্চারণ করা কিংবা শিরকী মন্ত্র দ্বারা তাবীয-কবচ তৈরি করা। এসব কর্মকাণ্ডে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘আর কতিপয় মানুষ কতিপয় জিনের নিকট আশ্রয় প্রার্থনা করত, ফলে তারা জিনদের অহংকার ও সীমালঙ্ঘন বৃদ্ধি করে দিত’ (আল-জিন, ৭২/৬)। অতএব, জিনের সাহায্যে কবিরাজি করা, তাবীয-কবচ তৈরি করা বা চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকা আবশ্যক। পক্ষান্তরে কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত দু‘আ ও যিকিরের মাধ্যমে শারঈ রুকইয়াহ বা ঝাড়ফুঁক করে চিকিৎসা গ্রহণ করা জায়েয। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ঝাড়ফুঁকে শিরক নেই, তাতে কোনো অসুবিধা নেই’ (ছহীহ মুসলিম, হা/২২০০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রুকইয়াহ করেছেন এবং রুকইয়াহ করার অনুমতি দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৫৭৩৬)। অতএব, চিকিৎসার ক্ষেত্রে জিনের সাহায্য বা শিরকী-কুফরী পন্থা পরিহার করে কেবল কুরআন-সুন্নাহসম্মত রুকইয়াহ গ্রহণ করাই একজন মুসলিমের করণীয়। তবে সেন্টার খুলে রুকইয়াহকে পেশা হিসেবে গ্রহণ করা যাবে না।

প্রশ্নকারী : সাজ্জাদ

মাগুরা।

Magazine