উত্তর : প্রশ্নোল্লেখিত ছহীহ বুখারীর ৫০০৯ নং হাদীছে সূরা বাক্বারাহর ফযীলতের বর্ণনায় যে বলা হয়েছে, ‘যে ব্যক্তি রাতে সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়বে, সে আয়াত দু’টিই তার জন্য যথেষ্ট হবে’-এর অর্থ হল : যে বাড়ীতে তা তেলাওয়াত করা হবে শয়তান সেই বাড়ীতে তিনদিন প্রবেশ করতে পারবে না। নু‘মান ইবনু বাশীর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আসমান ও যমীন সৃষ্টি করার দু’হাযার বছর আগে আল্লাহ তা‘আলা একটি কিতাব লিখেছেন। এ কিতাব হতে পরবর্তীতে দু’টি আয়াত নাযিল করেছেন যা দ্বারা সূরা বাক্বারাহ শেষ করেছেন। কোন ঘরে তা তিন রাত পড়া হবে, অথচ এরপরও এ ঘরের কাছে শয়তান যাবে, এমনটা হতে পারে না (তিরমিযী, হা/২৮৮২; দারেমী, হা/৩৩৮৭; মিশকাত, হা/২১৪৫)। ইবনে হাজার আসক্বালানী রাহিমাহুল্লাহ উল্লেখিত হাদীছটির ব্যাপারে বলেন, যে ব্যক্তি তা তেলাওয়াত করবে সে বাড়ীতে শয়তান প্রবেশ করতে পারবে না এবং সকল বিপদ আপদ থেকে মুক্ত থাকবে (ফাৎহুল বারী, ৯/৫৬ পৃঃ)। অর্থাৎ সেই রাত্রিতে তার নিরাপত্তার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হবে।
-শহীদুল ইসলাম বিশ্বাস
দৌলতপুর, কুষ্টিয়া।
