উত্তর : তাকবীরে তাহরীমার মাধ্যমে ছালাতে সবকিছু হারাম হয় এবং সালাম ফিরানোর মাধ্যমে সবকিছু হালাল হয়। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ছালাতের চাবি হল পবিত্রতা, যা তাকবীরে তাহরীমা দ্বারা শুরু হয় ও সালাম দ্বারা শেষ হয়’ (আবুদাঊদ, হা/৬১; তিরমিযী, হা/৩; দারেমী, হা/৬৮৭, সনদ ছহীহ; মিশকাত, হা/৩১২)। সুতরাং ছালাত আরম্ভ করার পূর্বে মোবাইল ফোন বন্ধ করে ছালাত আদায় করা উচিত। কেননা ছালাতরত অবস্থায় মোবাইল বার বার বেজে উঠলে তাতে ছালাতের একাগ্রতা বিনষ্ট হয়। তবে কেউ যদি ভুল করে মোবাইল বন্ধ না করে এবং ছালাতের মধ্যে মোবাইল বেজে উঠে তাহলে ছালাত অবস্থায় বন্ধ করতে পারে। এ কারণে ছালাতের কোন ক্ষতি হবে না এবং পুনরায় নতুন করে ছালাতের নিয়ত করতে হবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখ দিকে ঘুমাতাম। আর আমার দু’পা তাঁর ক্বিবলার দিকে থাকত। যখন তিনি সিজদা করতেন, তখন আমাকে টোকা দিতেন। আর আমি আমার পা দু’টি গুটিয়ে নিতাম। যখন তিনি দাঁড়াতেন, আমি দুই পা লম্বা করে দিতাম। আয়েশা (রাঃ) বলেন, সে সময় ঘরে বাতি থাকত না (ছহীহ বুখারী, হা/৩৮২; ছহীহ মুসলিম, হা/৫১২; মিশকাত,
হা/৭৮৬)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা বন্ধ অবস্থায় নফল ছালাত আদায় করছিলেন, আমি এসে দরজা খুলতে চেষ্টা করলাম। তখন তিনি কিছু হেঁটে আমার জন্য দরজা খুলে দিলেন। অতঃপর ছালাতের জায়গায় প্রত্যাবর্তন করলেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, অবশ্য দরজাটি ক্বিবলার দিকে ছিল (মুসনাদে আহমাদ, হা/২৪০৭৩; আবুদাঊদ, হা/৯২২; তিরমিযী, হা/৬০১; নাসাঈ, হা/১২০৬; মিশকাত, হা/১০০৫)।
-আনোয়ার হোসেন
কাশিমপুর, গাজিপুর।
