উত্তর : শিশু জন্মের সপ্তম দিনে আক্বীক্বা করতে হবে। এটাই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। হাসান বাছরী রাহিমাহুল্লাহ হতে সামুরা ইবনু জুনদুব রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শিশু আক্বীকার সাথে আবদ্ধ থাকে। জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে পশু যবেহ করা হবে, তার মাথা কামানো হবে এবং তার নাম রাখা হবে’ (আবুদাঊদ, হা/২৮৩৫; তিরমিযী, হা/১৫১৬; নাসাঈ, হা/৪২১৮; বুলূগুল মারাম, হা/১৩৬০; মিশকাত, হা/৪১৫৩, ৫৮)। সপ্তম দিনের পরে আক্বীক্বা করার যে হাদীছগুলো এসেছে এর সবগুলোই যঈফ ও জাল (বুলূগুল মারাম, হা/১৩৬০-এর টীকা দ্রঃ বুলূগুল মারাম, ইতহাফুল কিরাম, পৃঃ ৪০৭)। অতএব পিতা-মাতা যাদের আক্বীক্বা দেয়নি তাদেরকে নিজের আক্বীক্বা দিতে হবে না। উল্লেখ্য যে, নবুআত লাভের পর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আক্বীক্বা নিজে করেছিলেন বলে বায়হাক্বীতে আনাস রাযিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীছটি ‘মুনকার’ বা যঈফ (নায়লুল আওত্বার, ৬/২৬৪ পৃঃ)। বরং এটাই প্রমাণিত যে, তাঁর জনেমর সপ্তম দিনে তাঁর দাদা আব্দুল মুত্তালিব তাঁর আক্বীক্বা করেন ও ‘মুহাম্মাদ’ নাম রাখেন (বায়হাক্বী, দালায়েলুন নবুআত, বৈরূতঃ ১৯৮৫, ১/১১৩ পৃঃ)।
-আফরুজা
মান্দা, নওগাঁ।
