কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : অনেকেই বলেন, আছরের পর থেকে মাগরিবের ছালাতের মধ্যে অন্য কোন ছালাত আদায় করা নিষিদ্ধ। তাহলে কি এই সময়ের মধ্যে ‘তাহিইয়্যাতুল মাসজিদ’ আদায় করা যাবে না?

উত্তর : হ্যাঁ যাবে। কেননা নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলেও দু’রাক‘আত তাহিইয়্যাতুল মাসজিদ আদায় করতে হবে। আবু ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখনই সে যেন বসার পূর্বে দুই রাক‘আত ছালাত আদায় করে’ (ছহীহ বুখারী, হা/৪৪৪; ছহীহ মুসলিম, হা/৭১৪; মিশকাত, হা/৭০৪)। তবে সাধারণ নফল ছালাত এই সময়ে পড়া নিষিদ্ধ। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ছালাতের পর কোন ছালাত নেই, যতক্ষণ পর্যন্ত সূর্য উপরে না উঠে। আর আছরের ছালাতের পর কোন ছালাত নেই, যতক্ষণ পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে না যায় (ছহীহ বুখারী, হা/৫৮৬; ছহীহ মুসলিম, হা/৮২৭; মিশকাত, হা/১০৪১)।

-মনির

দূর্গাপুর, রাজশাহী।


Magazine