কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : হাদীছের ইবারত পড়লে কি কুরআনের ন্যায় নেকী হবে?

উত্তর : হাদীছের ইবারত পড়লে কুরআনের ন্যায় নেকী পাওয়া যাবে না। তবে হাদীছ বেশী বেশী পড়লে বা চর্চা করলে তার প্রতি আল্লাহ্র রহমত বা দয়া নেমে আসবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ইলম অন্বেষণ করার উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করে, আল্লাহ তা‘আলা তাঁর জান্নাতের পথ সহজ করে দেন এবং যখন কোন একটি দল আল্লাহ্র ঘরসমূহের মধ্যে কোন একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহ্র কিতাব পাঠ করে এবং পরস্পর আলোচনা করে, তখনই তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হতে আরম্ভ করে এবং রহমত তাদের বেষ্টন করে ফেলে, ফেরেশতাগণ তাদের ঘিরে নেন এবং আল্লাহ তা‘আলা তাঁর নিকটে যারা আছেন তাঁদের নিকট তাদের উল্লেখ করেন’ (ছহীহ মুসলিম, হা/২৬৯৯; মিশকাত, হা/২০৪)। এমনকি ফেরেশতাসহ সবকিছুই তার জন্য ক্ষমা চাইবে। আবু দারদা রাযিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘যে ব্যক্তি ইলম অন্বেষণ করার উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করে, আল্লাহ তা‘আলা তা দ্বারা তাকে জান্নাতের পথসমূহের দিকে পৌঁছিয়ে দেন এবং ফেরেশতাগণ ইলম তলবকারীর সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। আলেমদের জন্য আসমান ও যমীনবাসীরা সকলেই আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করেন। এমনকি মাছ সমূহ পানির মধ্যে থেকেও দু‘আ করেন’ (আহমাদ, হা/২১৭৬৩; তিরমিযী, হা/২৬৮২; আবুদাঊদ, হা/৩৬৪১; ইবনু মাজাহ, হা/২২৩; দারেমী, হা/৩৪২; মিশকাত, হা/২১২)।

-নাহিদ বিন বেলাল

খানসামা, দিনাজপুর।


Magazine