কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : এক ব্যক্তি রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয়। ফলে জনৈক মুফতি সাহেবের শরণাপন্ন হলে তালাক কার্যকর হয়েছে মর্মে তিনি ফাতাওয়া দেন। তখন থেকে আজ প্রায় দুই বছর তারা সম্পূর্ণ পৃথক। বর্তমানে কি তারা পুনরায় ঘর-সংসার করতে পারবে? যদি পারে তাহলে কি পুনঃবিবাহ যরূরী?

উত্তর : তালাক হয়েছে। কেননা রাগান্বিত অবস্থায় স্ত্রীকে তালাক দিলেও তা তালাক হিসাবে গণ্য হবে। সুতরাং বর্তমানে ঘর-সংসার করতে হলে তাদের পুনঃবিবাহ যরূরী। তবে রাগ যদি অস্বাভাবিক বা হিতাহিত জ্ঞানশূন্য হয় তাহলে এমতাবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রাগের অবস্থায় কোন তালাক ও দাসমুক্তি নেই’ (আবুদাঊদ, হা/২১৯৩; মিশকাত, হা/৩২৮৫)। ইমাম আবুদাঊদ রাহিমাহুল্লাহ বলেন, ‘ইগলাক্ব’ শব্দটি ‘গালাক্ব’ ধাতু হতে ব্যুৎপন্ন। যার অর্থ বন্ধ হওয়া। ক্রোধান্ধ, পাগল ও যবরদস্তির অবস্থায় মানুষের স্বাভাবিক জ্ঞান ও ইচ্ছাশক্তি লোপ পায়। তাই এ অবস্থাকে ‘ইগলাক্ব’ বলা হয় (ঐ, হাশিয়া ২/৪১৩ পৃঃ)। তাছাড়া এক সাথে প্রদত্ত তিন তালাকও তালাক হিসাবে গণ্য হবে না। ‘একবার জনৈক ব্যক্তি তার স্ত্রীকে এক সঙ্গে তিন তালাক দিয়েছে জানতে পেরে রাগে উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্র কিতাব নিয়ে খেলা করা হচ্ছে? অথচ আমি তোমাদের মাঝে রয়েছি। তখন একজন দাঁড়িয়ে বলল, হে রাসূলুল্লাহ! আমি কি ওকে হত্যা করব না’? (রাওযাতুন নাদিয়াহ, তাহক্বীক্ব আলবানী, ২/৪৭ পৃঃ; হেদায়াতুর রুয়াত, হা/৩২২৯, ৩/৩১৩ পৃঃ; মুহাল্লা, মাসআলা নং ১৯৪৫)।

-গোলাম পাটুয়ারী

 সিংড়া, নাটোর।


Magazine