কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): শহরে ঈদের জামাআত কোথাও সাড়ে ৮টায়, আবার কোথাও ৯টার সময় অনুষ্ঠিত হয়। আমরা কিছু মানুষ আলাদা হয়ে ঈদের ছালাত ৭টায় বা আরো আগে পড়ে তাড়াতাড়ি কুরবানী করি। এভাবে ঈদের ছালাত পড়া বা কুরবানী করা কি ঠিক হবে?

উত্তর: সূর্য যখন উদয়স্থল থেকে কিছুটা উঁচুতে অবস্থান করে এবং যখন ছালাতুল ইশরাক (চাশতের ছালাত) সময় হয়, তখন থেকে ঈদের ছালাতের ওয়াক্ত শুরু হয় (আবূ দাঊদ, হা/১১৩৫; নায়লুল আওতার, ৩/৩৪৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবী আব্দুল্লাহ ইবনু বুসর রাযিয়াল্লাহু আনহু লোকদের সাথে ঈদুল ফিত্বর কিংবা ঈদুল আযহার ছালাত আদায় করতে যান। (ছালাত আরম্ভ করতে) ইমাম দেরি করাকে তিনি অপছন্দ করলেন এবং বললেন, (রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর) যুগে এ (ইশরাকের) সময় আমরা ঈদের ছালাত আদায় শেষ করতাম। অন্যান্য ছালাতের মতো ঈদের ছালাতও আউয়াল ওয়াক্তে (ওয়াক্ত শুরুর সাথে সাথে) আদায় করা উত্তম। উম্মু ফারওয়া রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, কোন আমল উত্তম? তিনি বললেন, ‘আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা’ (আবূ দাঊদ, হা/৪২৬)। সুতরাং আউয়াল ওয়াক্তেই ঈদের ছালাত আদায় করতে হবে এবং এরপর কুরবানী করা যাবে।

প্রশ্নকারী : গোলাম আযম

শাহবাগ, ঢাকা।


Magazine