কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : মাথার চুল সোনালী রং করা যাবে কি?

উত্তর : কালো রং ছাড়া অন্য যে কোন রং দিয়ে মাথার চুল কিংবা দাড়ি রাঙ্গানোতে শারঈ কোন বাধা নেই। জাবের ইবনু আব্দুল্লাহ বলেন, মক্কা বিজয়ের দিন আবুবকর রাযিয়াল্লাহু আনহু-এর পিতা আবু কুহাফাকে নিয়ে আসা হল। তার চুল ও দাড়ি (সাদা ফুলওয়ালা এক প্রকার পাহাড়ী গাছের ন্যায়) কাশফুলের ন্যায় সাদা হয়েছিল। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা এর চুল ও দাড়িগুলোকে কোন কিছু দিয়ে পরিবর্তন করে দাও। তবে কালো থেকে বেঁচে থাক’ (ছহীহ মুসলিম, হা/২১০২; মিশকাত, হা/৪৪২৪)। হাদীছে উল্লিখিত শব্দটি হল ‘কোন কিছু দিয়ে’। তাই কালো ব্যতীত অন্য যে রং দিয়ে রঙিন করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাদেম আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসলেন, তখন তার ছাহাবীদের মাঝে আবু বকর রাযিয়াল্লাহু আনহু সাদা চুলওয়ালা/শুভ্র কেশবিশিষ্ট আর কেউ ছিল না। অতঃপর তিনি মেহেদী এবং ‘কাতাম ঘাস’ দিয়ে তার কেশগুলোকে রং করে নিলেন। এমনকি তার চুলের রং খয়েরী রং ধারণ করল (ছহীহ বুখারী, হা/৩৯২০)। উক্ত হাদীছ থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়, মেহেদী ছাড়াও অন্য রং ব্যবহার করা যায়। তাই সোনালী রং দিয়ে চুল রং করাতে কোন সমস্যা নেই। তবে যদি অমুসলিমদের অনুকরণ করার উদ্দেশ্যে কিংবা কোন নায়ক-নায়িকা বা খেলোয়াড়ের অনুকরণের জন্য এই ধরনের রং ব্যবহার করা হয়, তাহলে নিঃসন্দেহে তা নাজায়েয হবে (আবুদাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭)।

-হাসান

বাঘা, রাজশাহী।


Magazine