কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের দ্বিতীয় রাকআতের বৈঠকে বসার নিয়ম কী?

উত্তর : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের দ্বিতীয় রাক‘আতে বসার সময় বাম পা বিছিয়ে দিয়ে তার উপর নিতম্ব রাখবে এবং ডান পা খাড়া রাখবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে আর তিনি প্রতি দুই রাক‘আতে বলতেন, আত-তাহিয়্যাতু... এবং তিনি বাম পা বিছিয়ে দিতেন ও ডান পা খাড়া রাখতেন’ (ছহীহ মুসলিম, হা/৪৯৮; আবুদাঊদ, হা/৭৮৩)। ডান পায়ের আঙ্গুলগুলো ক্বিবলামুখী হয়ে থাকবে। আবু হুমায়দ আস-সায়েদী রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘যখন তিনি সিজদাহ দিতেন, তখন তার দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগকে ক্বিবলামুখী করে রাখতেন’ (ছহীহ বুখারী, হা/৮২৮; মিশকাত, হা/৭৯২)। ডান হাতকে ডান উরু বা হাঁটুর উপর ও বাম হাতকে বাম উরু বা হাঁটুর উপর রাখবে এবং বৃদ্ধা আঙ্গুলকে মধ্যমা আঙ্গুলের উপর রেখে তর্জনি আঙ্গুলি দিয়ে ইশারা করবে (ছহীহ মুসলিম, হা/৫৭৯, ৫৮০; মিশকাত, হা/৯০৬-৯০৭)। তবে যেখানে সালামের বৈঠক আছে সেখানেই এভাবে বসতে হবে।

-আমিনা আক্তার

শেরপুর, বগুড়া।


Magazine