যাকে ঘিরে ‘লাভ জিহাদ’ বিতর্কে তোলপাড় ভারতের কেরালা রাজ্য, সেই হাদিয়া প্রকাশ্যে বলেছেন, তিনি নিজের ইচ্ছায় মুসলিম হয়েছেন। কেউ তাকে বাধ্য করেননি মুসলিম হতে। তিনি স্বামীর কাছে ফিরে যেতে চান। গত ২৫ নভেম্বর শনিবার কোচি বিমানবন্দরে এ কথা বলেন হাদিয়া।
দিল্লিতে ধর্মান্তরিত হওয়া নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্টে তার শুনানি হয়। হাদিয়ার স্বামী শাফিন জাহান অভিযোগ করেন, হাদিয়াকে এখন হিন্দু বানানোর চেষ্টা হচ্ছে। গত বছর শাফিনকে বিয়ে করার সময় হাদিয়ার বয়স ছিল ২৪। নাম ছিল আকিলা অশোকান। তার পরেই হাদিয়ার বাবা কেরালা হাইকোর্টে একটি মামলা করেন। তার অভিযোগ ছিল, জঙ্গিরা চক্রান্ত করে তার মেয়ে আকিলার (এখন হাদিয়া) ধর্মান্তকরণ ঘটিয়েছে।
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এখন তার তদন্ত করছে। হাইকোর্ট হাদিয়ার বিয়ে বাতিলের নির্দেশ দেয়। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান হাদিয়ার স্বামী শাফিন। শীর্ষ আদালতে হাদিয়ার স্বামী জানান, বিয়ের দুই বছর আগে স্বেচ্ছায় মুসলিম হন হাদিয়া। তাকে মুসলিম হতে কেউ বাধ্য করেননি।
