উত্তর: কবরের উপরে, কবরকে সামনে রেখে কিংবা কবরকে পাশে রেখে ছালাত আদায় করা যাবে না। আবূ মারসাদ আল-গানাবী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে ছালাতও আদায় করবে না’ (ছহীহ মুসলিম, হা/২১৪০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনা লাগাতে, তাতে লিখতে, তার উপর ঘর নির্মাণ করতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন (তিরমিযী, হা/১০৫২)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (বাযযার, হা/৭৩৪০)। অন্য বর্ণনায় এসেছে, ‘নিশ্চয় তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদের ও সৎলোকদের কবরগুলোকে মসজিদ হিসেবে গ্রহণ করেছিল। অতএব, সাবধান! তোমরা কবরগুলোকে মসজিদ হিসেবে গ্রহণ করো না। কেননা আমি তোমাদের এ থেকে নিষেধ করছি’ (ছহীহ মুসলিম, হা/৫৩২)। তবে কবর ও মসজিদের মাঝে যদি দেয়াল থাকে, যা কবর থেকে মসজিদকে পৃথক করছে সে ক্ষেত্রে ছালাত বৈধ হবে (মাজমূউ ফাতাওয়া, ১২/৩১)। আর যদি তা না থাকে, তবে অতিসত্বর মসজিদ ও কবরস্থানকে পৃথককারী আলাদা প্রাচীর নির্মাণ করতে হবে (আলবানী, তাহযীরুস সাজেদ, পৃ. ১২৭; শায়খ বিন বায, মাজমূউ ফাতাওয়া, ১৩/৩৫৭)।
প্রশ্নকারী : মো. রাহুল ইসলাম
