কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): গায়রত কী? গায়রত কি কখনো ব্যক্তিকে অহংকারী করে তোলে?

উত্তর: গায়রত (আত্মমর্যাদা) হলো নিজের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে অন্যের অংশগ্রহণকে অপছন্দ করা। স্বামী-স্ত্রীর মধ্যকার বিষয়গুলোতে এটা অতিমাত্রায় বিদ্যমান থাকে (তুহফাতুল আহওয়াযী, ৪/২৭৭)। গায়রত (আত্মমর্যাদা) ব্যক্তিকে অহংকারী বানায় না। বরং গায়র‍ত (আত্মমর্যাদা) ভালো গুণ। হাদীছে এটাকে মুমিনের গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে (ছহীহ মুসলিম, হা/২৭৬১)। বিশিষ্ট ছাহাবী সা‘দ বিন উবাদাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো পুরুষকে আমার স্ত্রীর সঙ্গে দেখতাম, তাহলে তাকে (সেই পুরুষকে) তরবারির ধারালো অংশ দিয়ে আঘাত করতাম। তার এই বক্তব্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পৌঁছানো মাত্রই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা কি সা‘দ এর গায়রত (আত্মমর্যাদা) দেখে অবাক হচ্ছ? অবশ্যই আমি তার চেয়েও অধিক গায়রতসম্পন্ন এবং আল্লাহ তাআলা আমার চেয়ে অধিক গায়রতসম্পন্ন’ (ছহীহ বুখারী, হা/৬৮৪৬)। মূলত অহংকারের সংজ্ঞা না জানার কারণে কিছু মানুষ গায়রতকে (আত্মমর্যাদা) অহংকার মনে করে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষায় অহংকারের সংজ্ঞা হলো, ‘সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা’ (ছহীহ মুসলিম, হা/৯১)।

প্রশ্নকারী : মিহাদ হাসান

মেলান্দহ, জামালপুর।

Magazine