কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : কবর দেওয়ার পর সেখানে গিয়ে জানাযার দু‘আ পড়া যাবে কি?

উত্তর : কবর দেয়ার পরে সেখানে গিয়ে জানাযার দু‘আ পড়া যাবে না। তবে কবর দেয়ার পরে প্রত্যেকে দু’তিনবার করে পড়বে, ‘আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল ক্ববরি’। হে আল্লাহ! আমি আপনার নিকটে কবরের আযাব থেকে আশ্রয় চাই (আহমাদ হা/১৮৫৫৭; আবুদাঊদ হা/৪৭৫৩; মিশকাত হা/১৬৩০)। তাছাড়া দাফনের পরে ব্যক্তিগতভাবে সকল মাইয়্যেতের জন্য দু‘আ করা উচিত, যেন তারা মুনকার-নাকীর ফেরেশতাদ্বয়ের সওয়ালের জবাব দানে দৃঢ় থাকতে পারেন। কেননা রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং দৃঢ় থাকার জন্য আল্লাহর নিকট দু‘আ কর। কেননা সত্বর সে জিজ্ঞাসিত হবে’ (আবুদাঊদ হা/৩২২১; মিশকাত হা/১৩৩)। অতএব, এ সময় প্রত্যেকে বলবে, ‘আল্লাহুম্মাগফির লাহু ওয়া সাবিবতহু’, হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন ও দৃঢ় রাখুন (আবুদাঊদ, হাকেম, হিসনুল মুসলিম, দু‘আ অধ্যায় ১৫৪)। উল্লেখ্য যে, দাফনের পরে একজনের নেতৃত্বে সকলে সম্মিলিতভাবে হাত উঠিয়ে দু‘আ করা ও সকলে সমস্বরে আমীন আমীন বলার প্রচলিত প্রথার কোন শারঈ ভিত্তি নেই।

প্রশ্নকারী : মঈনুদ্দীন

কানসাট, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine