উত্তর: সোমবার ও মঙ্গলবারের ছালাত কাযা করতে হবে না, যদি তা স্বাভাবিক হায়েযের সময়সীমার মধ্যেই হয়ে থাকে এবং পরে আবার রক্তস্রাব শুরু হয়। কারণ মাঝখানের অস্থায়ী বিরতি হায়েযের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে, যতক্ষণ পবিত্রতার লক্ষণ না পাওয়া যায়। আর তা হলো, সাদা আঠালো পদার্থ যা মহিলারা চিনে থাকে। মহিলারা আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর নিকট ন্যাকড়া বা তুলায় ভর্তি থলে পাঠাত, তাতে হলুদ বর্ণের রক্ত লেগে থাকত। তারা তাতে ছালাত আদায় করা যাবে কি-না তা জিজ্ঞাসা করত। তিনি বলতেন, তোমরা তাড়াহুড়া করো না, তাতে সাদা আঠালো পদার্থ না দেখা পর্যন্ত (অপেক্ষা করো)। তিনি এটা দ্বারা হায়েয থেকে পবিত্র হওয়া বুঝাতেন (ছহীহ বুখারী ও ইরওয়াউল গালীল, ১৯৮)। সুতরাং হায়েয থেকে পবিত্র হওয়ার মাপকাঠি হলো সাদা আঠালো পদার্থ যা হায়েযের শেষ দিকে নির্গত হয়ে থাকে। এর আগ পর্যন্ত হায়েয হিসেবে গণ্য হবে। আর হায়েয অবস্থায় ছালাত আদায় করতে হবে না। আর তা দেখা গেলে গোসল করে পবিত্র হয়ে ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী :সুমাইয়া
