সঊদী আরবের মদীনা মুনাওয়ারার ঐতিহাসিক আল-জামি‘আহ আল-ইসলামিয়্যাহ (মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)-তে এ বছর উচ্চ শিক্ষার সুবর্ণ সুযোগ লাভ করেছেন বাংলাদেশের খ্যাতনামা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’-এর ১৭ জন শিক্ষার্থী। গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত তালিকায় তাদের ভর্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভর্তির সুযোগপ্রাপ্তদের মধ্যে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহী শাখা থেকে রয়েছেন ১৩ জন শিক্ষার্থী। তারা হলেন— হুসাইন আহমাদ (রাজশাহী), মো. সিফাতুল্লাহ (চাঁপাইনবাবগঞ্জ), মো. নাসের আলী (দিনাজপুর), মো. জুবায়ের হোসাইন (সিরাজগঞ্জ), মো. মাহবুব আলম (রাজশাহী), মো. সাদিকুল ইসলাম (দিনাজপুর), মো. মুস্তাকিম বিল্লাহ (জয়পুরহাট), মো. রবিউল ইসলাম (দিনাজপুর), মো. আবুজার গিফারী (রাজশাহী), সায়্যিদ তাসনীম আল আমান (রাজশাহী), মো. সেলিম রেজা (নওগাঁ), মো. ওবাইদুল্লাহ (রাজশাহী) এবং মো. তানভীর আহমেদ (নাটোর)। অন্যদিকে, প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ শাখা থেকে ভর্তির সুযোগ পেয়েছেন ৪ জন শিক্ষার্থী। তারা হলেন— মো. আব্দুল্লাহ (জামালপুর), আব্দুল আজিজ (চাঁপাইনবাবগঞ্জ), ইয়াসিন আরাফাত (নোয়াখালী) এবং মুস্তাকিম (কিশোরগঞ্জ)। ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ দ্বারা পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন গৌরবময় ও যুগান্তকারী সাফল্যে দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এক প্রতিক্রিয়ায় আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর মহাপরিচালক ও প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ গভীর সন্তোষ প্রকাশ করেন। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সাফল্যে তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
