বাঁশখালী, ২০ আগস্ট ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার): বন্যায় গবাদিপশু হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে ৩০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে গরু-ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গবাদিপশু বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে ৭টি গরুর বাছুর ও ২৩টি ছাগল বিতরণ করা হয়। এর মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি গবাদিপশু পালনের মাধ্যমে তাদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সহ-সেক্রেটারি ও আদ-দাওয়াহ ইলাল্লাহ-এর পরিচালক শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক এবং আদ-দাওয়াহ ইলাল্লহ-এর সহ-পরিচালক আব্দুর রহীম বিন আব্দুর রাযযাক।
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে বন্যাদুর্গত মানুষের মাঝে প্রায়২ হাজার প্যাকেট প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে বন্যায় স্বজন হারানো আরও ২০টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়। তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রমের পর এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বন্যায় গবাদিপশু হারানো পরিবারগুলোর মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এসব গবাদিপশু পালনের মাধ্যমে পরিবারগুলো ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিকভাবে পুনর্গঠন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এমন পরিবারগুলোকে এ সহায়তার জন্য বাছাই করা হয়েছে, যাদের জন্য পুনরায় ঘুরে দাঁড়ানো অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি বলেন, ‘আমরা এমন মানুষদের বাছাই করেছি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের জন্য ঘুরে দাঁড়ানো অনেক চ্যালেঞ্জিং। তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র সহায়তার হাত আমরা এগিয়ে দিয়েছি’। তিনি আরও বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন এবং যাদের দানের অর্থে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সহযোগীদের অবদানে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষ নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন।
