আল-ইতিছাম ডেস্ক: অনলবর্ষী বাগ্মী, আপসহীন প্রতিবাদী কণ্ঠস্বর, বাতিল মতবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী ও শেরে পাকিস্তান আল্লামা ইহসান ইলাহী যহীররের সুযোগ্য সন্তান বর্তমানে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার হাফেয ইঞ্জিনিয়ার আল্লামা ইবতিসাম ইলাহী যহীর সম্প্রতি অক্টোবর-নভেম্বর, ২০২৫ খ্রি. বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এবং তার পুত্র শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক-এর সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীনি মাহফিলে অংশ নেন। এই সফর বাংলাদেশের আহলেহাদীছ অর্থাৎ সালাফী মানহাজের অনুসারীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তিনি নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ইসলামী মাহফিলগুলোতে অংশগ্রহণ করেন—
২৫ই অক্টোবর: নিবরাস স্কুল, মিরপুর ১২, ঢাকা; ২৭ই অক্টোবর: নাচোল, চাঁপাইনবাবগঞ্জ; ৩১ই অক্টোবর: বড় মাঠ, নীলফামারী; ২রা নভেম্বর: ডাকবাংলো মাঠ, মহাদেবপুর, নওগাঁ; ৪ঠা নভেম্বর: রিয়াজউদ্দিন হাইস্কুল মাঠ, সরিষাবাড়ী, জামালপুর এবং ৬ ও ৭ নভেম্বর: সালাফী কনফারেন্স, রাজশাহীসহ আরও নানা স্থানে সভা-সেমিনারে অংশ নেন। আল্লামা ইবতিসাম ইলাহী যহীরের এই সফর মূলত ইলমী আলোচনা এবং ভ্রাতৃত্বের বার্তা বিনিময়ের কেন্দ্রবিন্দুতে ছিল। এই মাহফিলে তার পাশে বসে শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ অগ্নিঝরা বক্তব্য পেশ করেন। এই মাহফিলের মাধ্যমে দুই দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে ইলমী সংযোগ আরও দৃঢ় হয়।
বজ্রকণ্ঠের ওয়ায ও অনুবাদ: বিভিন্ন মাহফিলে দেখা গেছে যে, আল্লামা ইবতিসাম ইলাহী যহীর যখন উর্দূ ভাষায় বক্তব্য রাখছিলেন, তখন শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক তাৎক্ষণিকভাবে তার বক্তব্য বাংলাতে অনুবাদ করে শ্রোতাদের কাছে পৌঁছে দেন। এটি শ্রোতাদের জন্য ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যেখানে তারা সরাসরি শায়খের ইলমী আলোচনা অনুধাবন করতে সক্ষম হন।
সফরের তাৎপর্য: এই মাহফিলগুলোতে আল্লামা ইবতিসাম ইলাহী যহীরের উপস্থিতি দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল— (ক) ইলমী সহযোগিতা: তার উপস্থিতি বাংলাদেশের আলেমদের মধ্যে দ্বীনি জ্ঞান ও দাওয়াহ কাজের প্রতি গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে।
(খ) ঐক্য প্রতিষ্ঠা: আহলেহাদীছ শীর্ষস্থানীয় এই আলেমদের একই মঞ্চে উপস্থিতি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের গুরুত্বকে তুলে ধরে। শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এবং শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক-সহ অন্যান্য আলেমদের সঙ্গে তার যৌথ কার্যক্রম বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই সফরে তিনি আল্লামা ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আবদুল্লাহ বিন আব্দুর রাযযাক তাঁর সঙ্গে ছিলেন।
