সারা দেশের মক্তবপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও দ্বীনি শিক্ষার প্রসারে শুরু হয়েছে ‘মক্তব অলিম্পিয়াড সিজন-২’। ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’-এর তত্ত্বাবধানে ‘মক্তবের আঙিনা থেকে মেধার মঞ্চে’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী এই প্রতিযোগিতার অডিশন কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের তিন জেলা— রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রাথমিক অডিশন ও পরীক্ষা। গত ১ সেপ্টেম্বর রাজশাহীতে উদ্বোধনের পর, ২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ এবং ৩ সেপ্টেম্বর নওগাঁর মহাদেবপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ অডিশন কার্যক্রম পরিদর্শন করেন। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ের শিশুদের ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই অলিম্পিয়াডের আয়োজন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম পরিচালিত হবে। চূড়ান্ত বাছাই শেষে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
