উত্তর: পিতা মৃত্যুবরণ করে সম্পদ রেখে গেলে সর্বপ্রথম তার সম্পদ থেকেই তার ঋণ পরিশোধ করতে হবে। এরপর অবশিষ্ট সম্পদ ওয়ারিছদের মধ্যে বণ্টিত হবে। আল্লাহ তাআলা বলেন, ‘এ সবই (কাফন-দাফন) সে যা অছীয়ত করে তা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর’ (আন-নিসা, ৪/১১)। পিতার সম্পদ ঋণ পরিশোধের জন্য যথেষ্ট না হলে সন্তানদের নিজস্ব সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, জনৈক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার সম্পদ ও সন্তান রয়েছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বললেন, ‘তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য। তোমাদের সন্তানেরা তোমাদের উত্তম উপার্জন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে ভক্ষণ করো’ (আবূ দাঊদ, হা/৩৫৩০)। জাবির ইবনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু-এর পিতা একজন ইয়াহূদীর কাছে থেকে নেওয়া ত্রিশ ওয়াসাক (খেজুর) ঋণ রেখে ইন্তেকাল করেন। জাবির রাযিয়াল্লাহু আনহু নিজ বাগানের খেজুরের মাধ্যমে তার পিতার সমস্ত ঋণ পরিশোধ করেছিলেন (ছহীহ বুখারী, হা/২২৩৮)।
প্রশ্নকারী : হাসান সজীব
কুমিল্লা।
