কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): আমার স্ত্রী বিয়ের ২ মাসের মাথায় আমার অনুমতি ছাড়াই বাপের বাড়ি চলে যায়। পরে আমি তাকে আনতে গেলে সে ফিরে আসে না। তার শর্ত হলো যদি সংসার করতে হয়, তাহলে তার বাপের বাড়িতে গিয়ে করতে হবে; অন্যথায় ডিভোর্স দিতে বলে। এখন আমি কি করব? আমার কাছে দেনমোহরের টাকাও নেই।

উত্তর: স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া স্ত্রীর জন্য জায়েয নয়। আবার সংসার করার জন্য স্বামীকে ঘরজামাই হওয়ার শর্তারোপ করা অন্যায় ও শরীআত বিরোধী শর্ত। এমন শর্ত বাতিল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْط ‘যে ব্যক্তি এমন শর্ত করবে যা কুরআনুল কারীমে নেই (শরীআত বিরোধী শর্ত), তাহলে তা বাতিল; যদিও সে একশটি শর্ত করে’ (ছহীহ বুখারী, হা/২১৫৫)। সাধারণত এমন অন্যায় শর্ত করার পেছনে মূল কারণ থাকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া। সুতরাং করণীয় হলো উভয়পক্ষ থেকে নির্ভরযোগ্য ও অভিজ্ঞ মুরব্বী নির্ধারণ করে সমঝোতা করার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا ‘তাদের উভয়ের (স্বামী-স্ত্রী) মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা তার (স্বামীর) পরিবার হতে একজন ও তার (স্ত্রীর) পরিবার হতে একজন শালিশ নিযুক্ত করবে; তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত (আন-নিসা, ৪/৩৫)। আর যদি এতেও সমাধান না হয়, তাহলে স্ত্রীকে শাসন করার উদ্দেশ্যে স্বামী তালাক প্রদান করতে পারে।

প্রশ্নকারী : মো. রাজীব হোসেন

আশুলিয়া বাজার, সাভার, ঢাকা।

Magazine