কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : অতিরিক্ত সীমালঙ্ঘন করার ফলে আল্লাহ কি ঐ সময় ইবলীস ব্যতীত সব জিনকে ধ্বংস করে দেন; না-কি তাদের বনে-জঙ্গলে পাঠিয়ে দেন?

উত্তর : সকল জিনকে ধ্বংস করা হয়নি। বরং পরস্পরে বিপর্যয় সৃষ্টি, হত্যাকাণ্ড, রক্তপাত ইত্যাদি অপরাধ সংঘটিত করার কারণে ইবলীস ও তার সৈন্যবাহিনীর মাধ্যমে জিন জাতির অধিকাংশকে হত্যা করা হয় এবং অনেকেই বনে-জঙ্গলে বিতাড়িত হয়। এমর্মে ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীতে সর্বপ্রথম জিনেরা বসবাস করত। অতঃপর তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করা, রক্তপাত ঘটানো এবং পরস্পরকে হত্যা করা শুরু করলে আল্লাহ তা‘আলা তাদের কাছে ইবলীসকে প্রেরণ করেন। ইবলীস ও তার সৈন্যবাহিনী তাদেরকে হত্যা করে এবং সমুদ্রের উপদ্বীপ ও পাহাড়-পর্বতের পাদদেশে বিতাড়িত করে (তাফসীরে ইবনে কাছীর, ১/৭৪, সূরা বাক্বারাহ, ৩০ নং আয়াতের ব্যাখ্যা দ্র.)। তখন থেকে তারা সাধারণত উপদ্বীপ এবং পাহাড়-পর্বতে বসবাস করে। তবে এরা বিভিন্ন সময়ে পায়খানা, পেশাবখানা, গোসলখানা প্রভৃতি অপবিত্র স্থানেও অবস্থান করে। যায়েদ ইবনু আরক্বাম রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পায়খানার স্থানসমূহ হচ্ছে জিন ও শয়তানের উপস্থিতির স্থান। সুতরাং তোমাদের কেউ যখন পায়খানায় যাবে তখন সে যেন বলে, أَعُوْذُ بِاللهِ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ ‘আমি আপনার নিকট নর ও নারী শয়তানসমূহের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি’ (আবুদাঊদ, হা/৬; ইবনু মাজাহ, হা/২৯৬; ইরওয়াউল গালীল, হা/৫০; মিশকাত, হা/৩৫৭, সনদ ছহীহ)। এছাড়া কিছু কিছু জিন সাপের আকৃতি ধারণ করে মানুষের গৃহেও বসবাস করে। এ সকল জিনকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের মধ্যে চলে যাওয়ার অনুমতি প্রদান ব্যতীত হত্যা করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, ২/২৩৪-৩৫, ‘সাপ ও অন্যান্য জীব-জন্তু হত্যা করা’ অনুচ্ছেদ)।

-মাহফূয বিন মিনহাজ

মুহাম্মদপুর, ঢাকা।


Magazine