কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : দেবর ঠিকমতো ছালাত আদায় করে না। এমতাবস্থায় ভাবি কি তাকে ছালাত আদায়ের নছীহত করলে গুনাহগার হবে? এমন এক প্রশ্নের জবাবে জনৈক আলেম বলেন, প্রথমত, সে ঠিকমত ছালাত আদায় না করলে তাকে পরিত্যাগ করতে হবে; তওবা না করলে তাকে সালাম দেওয়া ও তার সালাম নেওয়া যাবে না (তিরমিযী, হা/২৬২১; নাসাঈ, হা/৪৬৩; ইবনু মাজাহ, হা/১০৭৯, ছহীহ মুসলিম, হা/৮২)। দ্বিতীয়ত, পরিবারের লোকজনই তাকে নছীহত করবে; সে তওবা না করলে তাকে হত্যা করতে হবে (তওবা, ৫)। উত্তরদানকারী আলেমের বক্তব্যগুলো কি সঠিক? উত্তরদানে বাধিত করবেন।

উত্তর : আলেমের উক্ত বক্তব্য সঠিক নয়। তিনি অপব্যাখ্যা করেছেন। সঠিক কথা হলো, ভাবিসহ বাড়ির সকল অভিভাবক তাকে ছালাত আদায়ের উপদেশ দিবে এবং প্রয়োজনে তাকে শাস্তি প্রয়োগ করবে। আমর ইবনু শু‘আইব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে ছালাতের নির্দেশ দাও আর যখন তাদের বয়স দশ বছর হবে তখন ছালাতের জন্য প্রয়োজনে প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও’ (আবুদাঊদ, হা/৪৯৫; বাগাভী, শারহুস সুন্নাহ, পৃ. ১৩১; মিশকাত, হা/৫৭২)। উপদেশ দেওয়ার কারণে তারা গোনাহগার হবে না; বরং নেকী পাবে। তবে ভাবিকে পর্দা বজায় রেখে উপদেশ দিতে হবে। কেননা উক্ববা ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো’। তখন জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! দেবরের ব্যাপারে কী হুকুম? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর মরণ সমতুল্য (ছহীহ বুখারী, হা/৫২৩২; ছহীহ মুসলিম, হা/২১৭২; মিশকাত, হা/৩১০২)।

-ইমরান

 দেবনগর, সাতক্ষীরা।


Magazine