কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : টাকা-পয়সা ছাড়া স্বর্ণ বা অন্য কোন সম্পদ দ্বারা মোহরানা আদায় করা যাবে কি?

উত্তর : হ্যাঁ, টাকা-পয়সা ছাড়াও স্থাবর-অস্থাবর সম্পত্তির যে কোন বস্তু দিয়ে মোহরানা প্রদান করা যায়। সাহল বিন সা‘দ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম। এরপর এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার যদি প্রয়োজন না থাকে তাহ’লে তাকে আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন। তখন তিনি বললেন, ‘মোহরানা স্বরূপ তোমার নিকট কিছু আছে কি? তখন সে বলল, আমার নিকট এ লুঙ্গি ছাড়া আর কিছুই নেই। তখন তিনি বললেন, ‘যদি একটি লোহার আংটিও হয় তাহ’লে তা দিয়ে মোহরানা দিয়ে দাও’। লোকটি লোহার অংটিও দিতে না পারায় আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনের কিছু সূরা শিখানোকে মোহর হিসাবে ধরে বিবাহ পড়িয়ে দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৫১৩৫; ছহীহ মুসলিম, হা/১৪২৫; মিশকাত, হা/৩২০২)। জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক মুষ্টি খাদ্য দিয়েও মোহরানা প্রদান করতাম (ছহীহ আবুদাঊদ, হা/২১১০)। ছাবেত ইবনু কায়েস রাযিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে মোহরানা স্বরূপ একটি বাগান প্রদান করেছিলেন (ছহীহ বুখারী, হা/৫২৭৩; মিশকাত, হা/৩২৭৪)।

-হাবীবুর রহমান

আদমদিঘি, বগুড়া।


Magazine