কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): মুনাফিকরা কি ইসলাম থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যায়? তারা কি কাফের? কারো বাহ্যিক কর্মকাণ্ড দেখে মুনাফিক বলা যাবে কি?

উত্তর: মুনাফিক দুই প্রকার- ১. আক্বীদাগত/বড় মুনাফিকী (النفاق الأكبر): অন্তরে কুফর লুকিয়ে রেখে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করা। এ ধরনের ব্যক্তি প্রকৃতপক্ষে কাফের এবং ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে’ (আন-নিসা, ৪/১৪৫)। ২. আমলগত/ছোট মুনাফিকী (النفاق الأصغر): কোনো মুসলিমের মধ্যে মুনাফিকদের কোনো চরিত্র থাকা; যেমন- মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা ও আমানতের খেয়ানত করা। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুনাফিকের নিদর্শন তিনটি- কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খেয়ানত করে’ (ছহীহ বুখারী, হা/৩৩; ছহীহ মুসলিম, হা/৫৯)। এ ধরনের মুনাফিকী ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না, তবে তা মারাত্মক গুনাহ ও নিন্দনীয় চরিত্র। কোনো ব্যক্তির বাহ্যিক কর্মকাণ্ড দেখে অন্তরের বিশ্বাস সম্পর্কে নিশ্চিত জ্ঞান না থাকলে তাকে ‘মুনাফিক’ অর্থাৎ (অন্তরে কাফের) বলা যাবে না। কারণ অন্তরের বিষয় আল্লাহই সর্বাধিক জানেন। তবে কারো মধ্যে মুনাফিকদের কোনো আমলগত বৈশিষ্ট্য প্রকাশ পেলে বলা যাবে, ‘তার মধ্যে মুনাফিকদের একটি বৈশিষ্ট্য রয়েছে’; কিন্তু এর মাধ্যমে তাকে কাফের বা ইসলাম থেকে বহিষ্কৃত মুনাফিক ঘোষণা করা যাবে না।

প্রশ্নকারী : খলিল

কাপাসিয়া, গাজীপুর।


Magazine