কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : কোন্ কোন্ স্থানে হাত তুলে দু‘আ করা যায়?

উত্তর : বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হাত তুলে দু‘আ করা যায়। যেমন (১) বৃষ্টি প্রার্থনার জন্য ও তা বন্ধের জন্য (ছহীহ বুখারী, হা/৯৩৩, ১০৩১; ছহীহ মুসলিম, হা/৮৯৭; মিশকাত, হা/১৪৯৯, ৫৯০২)। (২) চন্দ্র ও সূর্যগ্রহণের সময় (ছহীহ মুসলিম, হা/৯১৩)। (৩) কবর যিয়ারতের সময় (ছহীহ মুসলিম, হা/৯৭৪; নাসাঈ, হা/২০৩৭)। (৪) কারো জন্য ক্ষমা চাওয়ার লক্ষ্যে (ছহীহ বুখারী, হা/৪৩২৩; ছহীহ মুসলিম, হা/২৪৯৮)। (৫) হজ্জে পাথর নিক্ষেপের সময় (ছহীহ বুখারী, হা/১৭৫১; মিশকাত, হা/২৬৬১)। (৬) যুদ্ধক্ষেত্রে (ছহীহ মুসলিম, হা/১৭৬৩)। (৭) কোন গোত্রের জন্য (ছহীহ বুখারী, হা/২৯৩৭; ছহীহ মুসলিম, হা/২৫২৪)। (৮) বায়তুল্লাহ দেখে (আবুদাঊদ, হা/১৮৭২; মিশকাত, হা/২৫৭৫)। (৯) হজ্জ ও ওমরাহ কালে সাঈ করার সময় ‘ছাফা’ পাহাড়ে উঠে কা‘বার দিকে মুখ ফিরিয়ে (আবুদাঊদ, হা/১৮৭২; মুসলিম, হা/১২১৮; মিশকাত, হা/২৫৫৫)। (১০) আরাফার ময়দানে একাকী দু’হাত তুলে দু‘আ করা (নাসাঈ, হা/৩০১১)। (১১) কারো কোন ভুল-ত্রুটি দেখে। যেমন (ক) বনু জাযীমা গোত্রের কিছু লোক ভুলক্রমে নিহত হওয়ায় মর্মাহত হয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী দু’বার হাত উঠিয়ে আল্লাহ্র নিকটে ক্ষমা চেয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৪৩৩৯; মিশকাত, হা/৩৯৭৬)। (খ) ‘আসাদ’ গোত্রের ইবনু লুত্ববিইয়াহ নামক জনৈক ছাদাক্বাহ আদায়কারীর ভুল মন্তব্য শুনে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দু‘আ করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৫৯৭; ছহীহ মুসলিম, হা/১৮৩২; মিশকাত, হা/১৭৭৯)। (১২) মুসাফির অবস্থায় বিপদের সম্মুখীন হলে (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। (১৩) সন্তান-সন্তুতি ও স্ত্রীকে রেখে কোথাও যাওয়ার প্রাক্কালে। যেমন ইবরাহীম আলাইহিস সালাম তাঁর সন্তান ও স্ত্রীকে নির্জন ভূমিতে রেখে যাওয়ার সময় হাত তুলে দু‘আ করেছিলেন (ছহীহ বুখারী, হা/৩৩৬৪)। (১৪) কোন মুমিনকে কষ্ট বা গালি দেওয়ার প্রতিকার স্বরূপ (আদাবুল মুফরাদ, হা/৬১০, ৬১৩ সনদ ছহীহ)।

-আব্দুল্লাহ ফাহিম

মনিরামপুর, যশোর।

Magazine