কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : ‘সুবহানাল্লাহ’, আল-হামদুলিল্লাহ’, আল্লাহু আকবার’, লা-ইলাহা ইল্লাল্লাহু’ এসব তাসবীহ কি সবসময় পাঠ করা যাবে? গেলে কতবার করে পাঠ করতে হবে?

উত্তর : উক্ত তাসবীহগুলো ছালাতের সালাম ফিরানোর পরে পাঠের ব্যাপারে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়েছে। অন্যান্য সময়ে পাঠের ব্যাপারে কোনো সংখ্যা বা পরিমাণ উল্লেখ করা হয়নি। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ছালাতের শেষে ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার ‘আল-হামদুলিল্লাহ’ ৩৩ বার এবং ‘আল্লাহু আকবার’ ৩৩ বার পড়বে এবং একশত পূর্ণ করার জন্য একবার ‘লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু-লা শারীকালাহু লাহুল মুলকু লালুল হামদু ওয়াহু ওয়া আলা কুল্লি শায়য়্যিন ক্বাদীর’ পড়বে তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। যদিও তা সাগরের ফেনা সমপরিমাণ হয় (ছহীহ মুসলিম, হা/৫৯৭; মিশকাত, হা/৯৬৭)। অতএব, ছালাতের সালাম ফিরানোর পর ব্যতীত যে কোনো সময়ে তা গণনা ছাড়াই একাধিকবার পাঠ করতে পারে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতেন (ছহীহ মুসলিম, হা/৩৭৩)।

-ফিরোজ আহমাদ

সাধনপুর, নাটোর।


Magazine