কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : আর্থিক সামর্থ্য আছে কিন্তু হজ্জে যেতে অক্ষম এমন ব্যক্তি কিংবা মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ্জ করা যাবে কি?

উত্তর : হ্যাঁ, এমন ব্যক্তির পক্ষ থেকে হজ্জ আদায় করা যাবে। তবে হজ্জ অদায়কারীকে নিজের হজ্জ পূর্বে আদায় করতে হবে। ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বলতে শুনলেন, আমি শুবরোমার পক্ষ হতে হজ্জের নিয়্যত করছি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘শুবরোমা কে? সে বলল, আমার এক ভাই অথবা বলল, আমার এক আত্মীয়। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘তুমি কি নিজের হজ্জ করেছো? সে বলল, না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি প্রথমে নিজের হজ্জ করো অতঃপর শুবরোমার হজ্জ করবে’ (মুসনাদুশ শাফেঈ, হা/১০০০; আবুদাঊদ, হা/১৮১১; ইবনে মাজাহ, হা/২৯০৩)। আবু রাযীন উকাইলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা তিনি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আগমন করে বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা অতি বৃদ্ধ, হজ্জ ও ওমরাহ করতে সক্ষম নয় এবং বাহনে বসতে পারেন না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার পিতার পক্ষ হতে হজ্জ ও ওমরাহ কর’ (তিরমিযী, হা/৯৩০; আবুদাঊদ, হা/১৮১০; নাসাঈ, হা/২৬২১; মিশকাত, হা/২৫২৮)। তবে এমন ব্যক্তির পক্ষ থেকে শুধু ওমরাহ করা যাবে না এবং এক হজ্জের সাথে একাধিক ওমরাহও করা যাবে না। উল্লেখ্য যে, মৃতের জন্য ছালাত আদায় করা, কুরআন তিলাওয়াত করা ও কুরবানী করা জায়েয নয়। এ বিষয়ে বিশুদ্ধ কোনো দলীল নেই। কারণ মৃত ব্যক্তির বাকী ফরয হজ্জ, ওমরাহ ও মানতের ছিয়াম ব্যতীত অন্য কোনো আমল তার পক্ষ থেকে আদায় করা জায়েয নয়।

-আব্দুল্লাহ কাওছার

শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine