কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (৩৫) : যঈফ হাদীছের প্রতি আমল করা যাবে কি-না। সে মর্মে ইমামদের কিছু মতামত জানাবেন?

উত্তর : যঈফ হাদীছের প্রতি আমল করা যাবে না। কেননা ছাহাবী, তাবেঈ ও মুহাদ্দিছগণ যে সমস্ত মূলনীতি এবং শর্ত আরোপ করেছেন তাতে কোনো ক্ষেত্রেই যঈফ হাদীছ গ্রহণযোগ্য নয়। যেমন ইমাম বুখারী, মুসলিম, ইয়াহ্ইয়া ইবনু মাঈন, ইবনুল আরাবী মালেকী, ইবনু হাযম, ইবনু তায়মিয়াহ প্রমুখ শীর্ষস্থানীয় মুহাদ্দিছগণ সকল ক্ষেত্রে যঈফ হাদীছ বর্জন করেছেন (ক্বাওয়াইদুত তাহদীছ, পৃ. ১১৩ )। এ মর্মে (১) শায়খ নাছিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যঈফ হাদীছ অতিরিক্ত ধারণার ফায়েদা দেয় মাত্র। তবে এ বিষয়ে সকলে একমত যে, তার উপর আমল করা বৈধ নয়। সুতরাং যে ব্যক্তি বলে, ফযীলত সংক্রান্ত যঈফ হাদীছের উপর আমল করা যাবে, তাকে অবশ্যই দলীল পেশ করতে হবে। কিন্তু তা তো অসম্ভব’ (তামামুল মিন্নাহ, পৃ. ৩৪)। অতএব যঈফ হাদীছ কোনো ক্ষেত্রেই আমলযোগ্য নয়। (২) শায়খুল ইসলাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, শরী‘আতের ক্ষেত্রে ছহীহ এবং হাসান পর্যায়ের হাদীছ ছাড়া অন্য কোনো যঈফ হাদীছের প্রতি নির্ভর করা বৈধ নয় (ক্বায়েদা জালীলা, পৃ. ৮২)। (৩) ইমাম ইবনুল আরাবী বলেন, যঈফ হাদীছের প্রতি কোনো অবস্থাতেই আমল করা যাবে না, যদিও সেটা ফযীলত ইত্যাদি নির্দেশক হয় (তাদরীবুর রাবী, ১/২৫২)।

মজনু মিঞা

ঠাকুরগাঁও সদর।


Magazine