কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : বিক্রয়ের জন্য দোকানে প্রাণী ও মানুষের ছবি সংযুক্ত বিভিন্ন পণ্য-সামগ্রী আছে। অপর দিকে এই দোকান থেকে বেশ অনেক দূরে একটি মসজিদ আছে। মসজিদের এরিয়ার মধ্যে একটি কবর আছে। এখন প্রশ্ন হলো, এই দোকানে ছালাত আদায় করা উত্তম? না-কি কবর সংযুক্ত ঐ মসজিদে ছালাত আদায় করা উত্তম?

উত্তর : প্রাণীর ছবিযুক্ত স্থানে ও কবর সংযুক্ত মসজিদে ছালাত আদায় না করে বরং অন্য যে কোনো ছবি ও কবর মুক্ত পবিত্র জায়গায় ছালাত আদায় করতে হবে। কেননা প্রাণীর ছবি প্রদর্শিত স্থানে ছালাত আদায়ের সময় সেগুলো চোখে পড়লে ছালাতের একাগ্রতা নষ্ট হয়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশাখচিত একটি চাদরে ছালাত আদায় করেন। চাদরটির নকশার দিকে তার দৃষ্টি পতিত হলে ছালাত শেষে তিনি বললেন, ‘আমার এ চাদরটি এর প্রদানকারী আবু জাহমের নিকট নিয়ে যাও এবং তার ‘আম্বেজানিয়া’ চাদর নিয়ে এসো। কেননা এখনই এ চাদর ছালাতে আমার একাগ্রতা নষ্ট করেছে’ (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬; মিশকাত, হা/৭৫৭)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর একটি পর্দা ছিল, যা দিয়ে তিনি ঘরের একদিক ঢেকে রেখেছিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার এ পর্দা সরিয়ে ফেলো। কারণ তার ছবিসমূহ ছালাতের মাঝে আমার চোখে পড়ে’ (ছহীহ বুখারী, হা/৩৭৪; মিশকাত, হা/৭৫৮)। এছাড়া যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেনা (ছহীহ মুসলিম, হা/৪০৪৫)।

অপর দিকে সীমানার মধ্যে কবর যুক্ত মসজিদে ছালাত আদায় করা জায়েয নয়। চাই সে কবর ক্বিবলার সামনে, পিছনে, ডানে বা বামে যেদিকেই থাকে না কেন (আস-সামারুল মুস্তাত্বাবু ফী ফিক্বহিস সুন্নাহ ওয়াল কিতাব, পৃ. ৩৫৭)। কারণ, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে, কবরকে সামনে রেখে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/২২৯৫; নাসাঈ, হা/৭৬০; সিলসিলা ছহীহাহ, হা/১০১৬)। অপর বর্ণনায় আছে, তিনি কবরের মাঝে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (ছহীহ ইবনু হিববান, হা/১৬৯৮, ২৩১৫, ২৩২২, সনদ ছহীহ)।

-রাজু আহমাদ

রানীরবন্দর, দিনাজপুর।


Magazine